টেলিফিল্ম 'এভাবেও প্রেম আসে'

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রেমের কোনো নির্দিষ্ট ব্যাকরণ নেই, নেই কোনো চেনা ছক। জীবনের যেকোনো বাঁকে, যেকোনো অদ্ভুত পরিস্থিতিতে হুট করেই কড়া নাড়তে পারে ভালোবাসার অনুভূতি। ঠিক তেমনি এক ভিন্নধর্মী ও মনছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম 'এভাবেও প্রেম আসে'। টেলিফিল্মটি পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। পারভেজ ইমামের চিত্রনাট্য ও সংলাপে এতে প্রধান দুটি চরিত্রে জুটি বেঁধেছেন প্রান্তর দস্তিদার ও নুসরাত আফরিন ইউমনা।

টেলিফিল্মটির মূল আকর্ষণ এর সহজ-সরল অথচ গভীর জীবনমুখী গল্প। সমসাময়িক নাগরিক জীবনের ব্যস্ততা, টানাপোড়েন আর ভুল বোঝাবুঝির আড়ালে কীভাবে দুটি মন কাছাকাছি আসে—তা-ই ফুটিয়ে তোলা হয়েছে এতে।

নির্মাতা সানজিদ খান প্রিন্স বলেন, আমরা সচরাচর যে ধরনের রোমান্টিক গল্প দেখি, এটি তার চেয়ে বেশ আলাদা। দর্শক এখানে জীবনের বাস্তবতার সাথে প্রেমের এক অদ্ভুত মেলবন্ধন দেখতে পাবেন। কাজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে নুসরাত আফরিন ইউমনা বলেন, চরিত্রটা একটু কমেডিক, গম্ভীর; আবার বেশ জেদী আর রোমান্টিকও! আমি আগে কখনও সিরিয়াস কমেডি চরিত্র করিনি, তাই সত্যি খুব এক্সাইটেড। গল্পটা বেশ বড় আর অনেক চড়াই-উতরাইয়ে ভরা। মানে আপনারা একই চরিত্রের মধ্যে অনেকগুলো শেড দেখতে পাবেন। আমার মনে হয় দর্শকরা এটা বেশ উপভোগ করবেন। তারা যেমন হাসবেন, তেমনই গল্পের রোমান্টিক দিকটাও মন থেকে অনুভব করতে পারবেন।

প্রধান চরিত্রে প্রান্তর ও ইউমনার রসায়ন ছাড়াও এ টেলিফিল্মে আরও অভিনয় করেছেন আজম খান, সিয়াম নাসির, হারুন রশীদ বান্টি, জাস মান্নাত, মো. আনোয়ার হোসেন এবং শিশু শিল্পী আয়াত। নির্মাতা জানিয়েছেন প্রতিটি চরিত্রই গল্পের প্রয়োজনে নিজস্ব গুরুত্ব নিয়ে পর্দায় হাজির হয়েছে।