জন্মদিনে নিজেকে গিফট দেন নুসরাত ফারিয়া

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বয়স লুকিয়ে রেখে ঝুঁকিমুক্ত থাকার অভিপ্রায় নারীর চিরায়িত অভ্যাস। কিন্তু দিন শেষে তা ঠিকই উঁকি দেয়। তবে অভিনেত্রী নুসরাত ফারিয়ার বেলায় ব্যতিক্রম। সর্বদাই ষোড়শীর আবেদন ধরে রাখেন তিনি। ৮ সেপ্টেম্বর ছিল এ 'বিউটি উইথ ব্রেন'-এর জন্মদিন। একটি অদ্ভুত অভ্যাস আছে ফারিয়ার। জন্মদিনে নিজেকেই নিজে গিফট দেন। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।

জন্মদিনের বিশেষ গিফট কার থেকে পেয়েছিলেন কিংবা পান? এমন প্রশ্নের উত্তরে ফারিয়া বলেছিলেন, জন্মদিনে আমিই আমাকে গিফট করি। এটা আমার ভালো লাগে। ২০১৩ সালে আমি প্রথম গাড়ি কিনি। সেকেন্ড হ্যান্ড এক্স করোলা কিনেছিলাম। তখন তো অতো টাকা কামাতাম না। যাইহোক, গাড়িটা আমার জন্মদিনে আমাকে গিফট করেছিলাম। এরপর ২০১৮ সালে মার্সিডিজ কিনি। এটাও ছিল জন্মদিনে আমাকে দেওয়া আমার গিফট।

সাত বছর বয়সে প্রথম জন্মদিন উদযাপন করেন অভিনেত্রী। এরকম জানিয়ে বলেছিলেন, আমার মনে আছে প্রথম জন্মদিন পালন করেছিলাম সাত বছর বয়সে। এরপর তেমনভাবে দিনটি সেলিব্রেট করা হয়নি। তবে ২০১৩-১৪ ও ১৫ সালের দিকে আমি এ বিষয়ে খুব আগ্রহী ছিলাম। খুব ঘটা করে জন্মদিন পালন করতাম।

সম্প্রতি ফারিয়া শেষ করেছেন ওয়েব ফিল্ম 'লাপাত্তা'র কাজ। এর নির্মাতা মেহেদী হাসান হৃদয়। এর বাইরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত টলিউড সিনেমা 'রকস্টার'। পরিচালক আয়ুষ্মান প্রত্যুষ। অভিনয়ে আছেন যশ দাশগুপ্ত। 'ঠিকানা ৭১'ও মুক্তি পাবে শিগগির। এতে তার সঙ্গে আছেন আরিফিন শুভ। পরিচালক অনম বিশ্বাস।