জীবন চালাতে বিয়ের অনুষ্ঠানে নাচেন রাহুল
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

একসময় 'আশিকি' দিয়ে রাতারাতি তারকা। আজ জীবন নতুন করে গড়ার লড়াইয়ে রাহুল রায়। ব্রেন স্ট্রোকের পর পাঁচ বছরের কঠিন সময়, আর্থিক সংকট, সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল—সবকিছুর মধ্যেও থেমে থাকতে চান না নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেতা।
নব্বই দশকের শুরুতে ভারতের তরুণ-তরুণীদের কাছে এক নাম ছিল রাহুল রায়। ১৯৯০ সালে মুক্তি পাওয়া 'আশিকি' তাঁকে রাতারাতি তারকাখ্যাতি এনে দিয়েছিল। ছবির গান, প্রেমের গল্প আর রাহুল রায়ের 'চকলেট বয়' ইমেজ—সব মিলিয়ে সে সময় তিনি হয়ে উঠেছিলেন বলিউডের অন্যতম আলোচিত মুখ।
এরপর 'জুনুন', 'ফির তেরি কাহানি', 'ইয়াদ আয়ি'সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন রাহুল রায়। জনপ্রিয়তার শীর্ষে থাকা সেই অভিনেতার জীবন যে একসময় এমন মোড় নেবে, তা হয়তো ভাবেননি রাহুল নিজেও। ২০২০ সালে ব্রেন স্ট্রোক এই অভিনেতার জীবনকে কার্যত দুই ভাগে ভাগ করে দেয়— স্ট্রোকের আগের জীবন ও পরের জীবন।
দীর্ঘ চিকিৎসা, সুস্থ হয়ে ওঠার লড়াই, কাজের অভাব ও আর্থিক চাপের মধ্য দিয়ে কেটেছে পরের কয়েক বছর। এখন আবার ধীরে ধীরে কাজে ফিরছেন রাহুল। তবে এই ফেরা কোনো রূপকথার মতো সহজ নয়। জীবন চালাতে কখনো তাঁকে বিয়ের অনুষ্ঠানে নাচতে হয়েছে। আর সেই কাজ করেই কখনো কখনো আয় করেছেন দুই লাখ থেকে চার লাখ রুপি। সম্প্রতি এ নিয়ে খোলামেলা কথা বলেছেন রাহুল রায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি রাহুল রায়ের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে বিয়ের অনুষ্ঠানে নাচতে এবং নিজের পুরোনো গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায়। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর অনেকেই তাকে নিয়ে ঠাট্টা-মশকরা করেন।
