এআই দিয়ে আশির দশকে তারকাদের ব্যাক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ছোঁয়ায় আশির দশকের সিনেমাটিক ভিনটেজ লুকে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন পূর্ণিমা, অপূর্ব, ভাবনাসহ একঝাঁক তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এক দারুণ নস্টালজিক আমেজ সৃষ্টি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি আশির দশকের বিশেষ ছবি ও ফিল্টারের ভাইরাল ট্রেন্ড। প্রযুক্তির কল্যাণে বড় চুল, রঙিন পোশাক এবং চার দশক আগের সিনেমার রঙিন ক্লাসিক আবহ ফুটিয়ে তোলার এ ট্রেন্ডে সাধারণ নেটিজেনদের পাশাপাশি ব্যাপক আগ্রহ নিয়ে শামিল হয়েছেন ঢালিউড ও ছোট পর্দার জনপ্রিয় তারকারা।
চিত্রনায়িকা পূর্ণিমা নিজের একটি রেট্রো মেকওভারের ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে সংক্ষেপে লিখেছেন, 'নিউ ট্রেন্ড।' অন্যদিকে স্টাইলিশ লুকে মোটরবাইকে বসে চোখে কালো চশমা পরা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, 'আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত...।'
এ ভিনটেজ ট্রেন্ডে গা ভাসিয়েছেন ছোট পর্দার একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পীও। ভিনটেজ আবহে নিজের ছবি পোস্ট করে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন, আশির দশকের আমি ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।' আর অভিনেতা শ্যামল মাওলা ফ্যাশনের চিরন্তন আবেদনকে ফুটিয়ে তুলে মন্তব্য করেছেন, 'রেট্রো, যে ফ্যাশন কখনো পুরোনো হয় না।' এ ছাড়া তৌসিফ মাহবুব, তমা মির্জা, পূজা চেরী, সাফা কবীর, অর্চিতা স্পর্শিয়া এবং মাসুমা রহমান নাবিলাও নিজেদের আশির দশকের রেট্রো লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন।
