রুনা লায়লার মৃত্যুর গুজবে ক্ষুব্ধ কন্যা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

'মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা'—এমন একটি খবর ও এআই-নির্ভর ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার একমাত্র মেয়ে তানি লায়লা। তার দাবি, মা রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও ও ছবির কোনো সত্যতা নেই। এগুলো এআইয়ের মাধ্যমে তৈরি।

পরিবার নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা তানি লায়লা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। সামান্য অর্থ উপার্জনের আশায় এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর ঘটনায় তিনি বিরক্ত ও অতিষ্ঠ বলে জানিয়েছেন।

তানির মতে, ব্যক্তিগতভাবে তিনি এসব কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করবেন। একে একে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। সংগীতশিল্পী মাকে নিয়ে এমন মিথ্যা খবর ছড়িয়ে পড়ার বিষয়টি তানির কাছে আরও কষ্টের। কারণ, ছয় দশক ধরে সংগীতের সঙ্গে যুক্ত থেকে অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করেছেন রুনা লায়লা। সেই কিংবদন্তি শিল্পীকে নিয়েই যখন মৃত্যুর মতো স্পর্শকাতর মিথ্যা খবর ছড়ানো হয়, তখন তা পরিবারের জন্য অসম্মানজনক বলেই মনে করছেন তাঁর মেয়ে। তানি লিখেছেন, আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই—এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। গণমাধ্যমের প্রতিও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তানি। তার অনুরোধ, রুনা লায়লাকে নিয়ে কোনো খবর প্রকাশ বা প্রচারের আগে যেন তথ্য যাচাই করা হয় এবং যথাযথ সতর্কতা অবলম্বন করা হয়।