কৃতির পর পোশাক বিতর্কে দিশা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

গণেশ চতুর্থী উপলক্ষ্যে আম্বানি পরিবারের আয়োজনে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। পরনে ছিল লাল লেহেঙ্গা, সঙ্গে একই রঙের ব্লাউজ ও এক কাঁধে জড়ানো ওড়না। গয়না, চুড়ি ও খোলা চুলে উৎসবের সাজেই ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু অনুষ্ঠানে তার উপস্থিতির চেয়ে বেশি আলোচনায় এসেছে পোশাক।
সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে শুরু হয়েছে সমালোচনা। কারও প্রশ্ন, ধর্মীয় অনুষ্ঠানে এমন পোশাক কি মানানসই? কেউ আবার মনে করছেন, গণেশপূজাকে তারকারা কি ধর্মীয় আয়োজনের বদলে ফ্যাশন প্রদর্শনের মঞ্চ বানিয়ে ফেলছেন? দিশাকে ঘিরে এ বিতর্ক অবশ্য একেবারে নতুন কোনো ঘটনা নয়। বরং কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রী কৃতি শ্যাননের একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে একই ধরনের বিতর্ক হয়েছিল। ফলে দিশার পোশাক নিয়ে নতুন করে প্রশ্ন উঠতেই পুরোনো সেই বিতর্কও সামনে এসেছে।
২০২৬ সালের গণেশ চতুর্থীতে আম্বানি পরিবারের গণপতি উৎসবে উপস্থিত হন দিশা। তার পরনে ছিল লাল রঙের ঘাগরা, যার ওপর ছিল সূক্ষ্ম কারুকাজ। সঙ্গে লাল ব্লাউজ, যার গলার কাট ছিল বেশ গভীর। এক কাঁধে লাল ওড়না, কানে বড় দুল ও হাতে চুড়ি দিয়ে সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি। অনুষ্ঠানে ঢোকার সময় আলোকচিত্রীদের জন্য পোজও দেন অভিনেত্রী। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় বিতর্ক। এক্সে এক ব্যবহারকারী লিখেছেন, গণপতি উৎসবের জন্য কী ভয়ংকর পোশাক! সেখানে কি কোনো ড্রেস কোড থাকা উচিত নয়?
আরেকজন প্রশ্ন তুলেছেন, গণেশ উৎসবে তার এ পোশাক আদৌ উপযুক্ত কি না। কারও কারও মন্তব্য আরও আক্রমণাত্মক। একজন লিখেছেন, দিশা গণপতি উৎসবে গিয়েছিলেন, নাকি র্যাম্পে হাঁটতে? আরেক ব্যবহারকারীর বক্তব্য, গণেশ দর্শন ও পূজা ধর্মীয় উপলক্ষ্য; এটি কোনো নাইট ক্লাব, নাচের অনুষ্ঠান বা ফ্যাশন শো নয়। তাই এমন পোশাক নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক।
