বাদশাহকে প্রতারক বললেন ঈশা
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

ভারতীয় র্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর অবশেষে এর কারণ জানিয়েছেন পাঞ্জাবি অভিনেত্রী ও প্রাক্তন স্ত্রী ঈশা রিখি। তার অভিযোগ, বিয়ের পর বাদশার কাছ থেকে শারীরিক ও মানসিকভাবে প্রতারিত হয়েছেন তিনি। বর্তমানে জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস ২০'-এ অংশ নিয়েছেন ঈশা। সেখানেই এ বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। অভিনেত্রী জানান, সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছেন। শুধু তাই নয়, বাদশা সম্পর্কে থাকতে চাইলেও কখনও সেই সম্পর্কের ন্যূনতম দায়ভার বা দায়িত্ব নিতে চাননি। ঈশা বলেন, সম্পর্ক চলাকালীন অনেক বিষয় নিয়ে মনে সন্দেহ জাগলেও নিজেকে বুঝিয়েছি। কিন্তু সম্পর্কটা চুকে যাওয়ার পর বুঝতে পেরেছি, এতদিন আমার সঙ্গে শুধু একটা খেলা চলছিল। আমাকে বোকা বানিয়ে রাখা হয়েছিল। প্রাক্তন সঙ্গীর মানসিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী অভিযোগ করেন, বাদশা তাকে নিজের চেনাজানা পরিমণ্ডলের বাইরে বের হতে দেননি এবং একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রেখেছিলেন।
ঈশা আরও বলেন, বাদশাহ নিজের সুবিধার জন্য জীবনে এমন কাউকে রাখতে চায়, যার কাছ থেকে কোনো না কোনো সুবিধা পাওয়া যাবে। কিন্তু বিনিময়ে ও কোনো দায়িত্ব নিতে নারাজ।
বাদশাহর এটি দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে এ র্যাপার জেসমিন মাসিহকে বিয়ে করেন ২০১২ সালে। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর এবছর পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখিকে বিয়ে করেন তিনি। সে সম্পর্কও ভেঙ্গে যায়।
