আজ প্রিমিয়ার শো
বাংলাদেশি 'থ্রি ইডিয়টস'
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

বন্ধুত্ব, স্বপ্ন আর একসঙ্গে কিছু করে দেখানোর অদম্য ইচ্ছা— এ তিনের মেলবন্ধনে তৈরি হয়েছে বাংলাদেশি 'থ্রি ইডিয়টস'। ভারতের জনপ্রিয় সিনেমা 'থ্রি ইডিয়টস'-এর রিমেক এটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২১-২০২২ সেশনের কয়েকজন বন্ধুর সম্মিলিত উদ্যোগে নির্মিত হয়েছে এ সিনেমা। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এ সিনেমার প্রিমিয়ার শো।
উদ্যোগটির শুরু প্রায় দেড় বছর আগে। দর্শন বিভাগের কয়েকজন বন্ধু মিলে এমন একটি কাজ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সময় ও বাজেটের সীমাবদ্ধতায় সে সময় আর এগোনো সম্ভব হয়নি। পরে আবারও সবাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নেন, যেভাবেই হোক, এবার কাজটি শেষ করবেন। সেই প্রত্যয় থেকেই শুরু হয় নতুন করে পথচলা।
শুরুতে নিজেদের অর্থ দিয়েই কাজ শুরু করেন তারা। এরপর ধীরে ধীরে বন্ধুরা নিজেদের জায়গা থেকে যুক্ত হন। কেউ দায়িত্ব নিয়েছেন, কেউ সময় দিয়েছেন, আবার কেউ যুক্ত হয়েছেন কাজের বিভিন্ন পর্যায়ে। এভাবেই ব্যক্তিগত উদ্যোগটি রূপ নেয় সবার সম্মিলিত প্রচেষ্টায়।
পুরো কাজটির মূল পরিচালনার দায়িত্বে ছিলেন যুবরাজ রয়। ক্যামেরার দায়িত্ব সামলেছেন দিগন্ত ও রাফি। অন্যদিকে, প্রমোশন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়গুলো দেখেছেন নওশাদ হাসান প্রিন্স। এ উদ্যোগের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ছিলেন পার্থ, ইয়াকুব, আতিক, সাকিব, প্লাবন, অর্ক, নাহিন, ইউসুফ, ইয়ং, আশরাফ, রনি, কানন, দিশা, প্রভা, আয়েশা, জয়, আরিফ, রাজশ্রীসহ আরও অনেকে। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কাজটিকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন।
বন্ধুদের এ উদ্যোগে যেমন রয়েছে সৃজনশীল কিছু করার আকাঙ্ক্ষা, তেমনি রয়েছে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও পারস্পরিক সহযোগিতার গল্প। সময় ও বাজেটের সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদের উদ্যোগে কিছু একটা করে দেখানোর এ প্রচেষ্টা তাদের বন্ধুত্বের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
