বিদ্যার পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

একটি গল্প এতটাই পছন্দ হয়েছিল দিয়া মির্জার যে, সেটি পর্দায় আনার জন্য নিজের প্রথম কেনা বাড়িটিও বন্ধক রাখতে হয়েছিল তাকে। ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। কারণ, শুটিং শুরুর ঠিক আগে ছবিটির স্টুডিও ও অর্থদাতারা সরে গিয়েছিলেন। তবু পিছিয়ে যাননি দিয়া। ২০১৪ সালের 'ববি জাসুস' ছবিটি শেষ পর্যন্ত তৈরি করেছিলেন নিজের ঝুঁকিতে। ছবির প্রধান অভিনেত্রী বিদ্যা বালানের পারিশ্রমিকেও কোনো কাটছাঁট করতে চাননি। বরং দিয়েছিলেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারিশ্রমিক— দিয়ার নিজের ভাষ্য এমনই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা বলতে গিয়ে দিয়া জানান, ববি জাসুস' বানানোর সিদ্ধান্ত নেওয়ার পর সবকিছু প্রায় প্রস্তুত ছিল। গল্প লেখা হয়ে গেছে, টিম তৈরি, এমনকি বিদ্যা বালানের মতো একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীও অভিনয়ে রাজি হয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে অর্থের জোগান বন্ধ হয়ে যায়। স্টুডিও ও বিনিয়োগকারীরা পিছিয়ে গেলে সামনে দাঁড়িয়ে যায় বড় প্রশ্ন— ছবিটি তাহলে কীভাবে হবে? দিয়া তখন অন্য পথ বেছে নেন। নিজের প্রথম কেনা বাড়ি বন্ধক রাখেন এবং ব্যাংক থেকে ঋণ নেন।

তার কাছে ছবিটি শুধু আরেকটি প্রযোজনা ছিল না; তিনি যে ধরনের গল্প বলতে চেয়েছিলেন, ববি জাসুস ছিল তারই একটি সুযোগ। তাই অর্থের সংকটে ছবিটি থামিয়ে দিতে রাজি ছিলেন না তিনি।

ছবিটির গল্পও ছিল সে সময়ের মূলধারার হিন্দি সিনেমার তুলনায় আলাদা। বিদ্যা অভিনয় করেছিলেন বিলকিস 'ববি' আহমেদ চরিত্রে— হায়দরাবাদের এক তরুণী, যার স্বপ্ন গোয়েন্দা হওয়া।

নিজের স্বপ্ন পূরণের পথে নানা ছোট-বড় সমস্যার মুখোমুখি হয় সে। বিভিন্ন ছদ্মবেশ ধরে তদন্ত করা, অদ্ভুত সব কেস হাতে নেওয়া এবং নিজের পরিচয় প্রতিষ্ঠার চেষ্টা— এসব নিয়েই এগিয়েছে ছবির গল্প। ছবিটি পরিচালনা করেছিলেন সমর শেখ।

বিদ্যার সঙ্গে ছিলেন আলী ফজল, অর্জুন বাজওয়া, সুপ্রিয়া পাঠক, রাজেন্দ্র গুপ্ত ও তনভি আজমি। প্রযোজনার দায়িত্বে ছিলেন দিয়া মির্জা ও সাহিল সাংঘা। দিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান বর্ন ফ্রি এন্টারটেইনমেন্টের অধীনে তৈরি হয়েছিল ছবিটি।