মা বিয়ে করতে মানা করেন
রাইমা সেন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

সুচিত্রা সেনের নাতনি ও জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে হওয়া সত্ত্বেও নিজের যোগ্যতায় শোবিজ অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী রাইমা সেন। অভিনয় জগতের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় আলোচনায় থাকেন তিনি। ৪৭ বছরে পা রাখলেও কেন এখনও বিবাহবন্ধনে আবদ্ধ হননি রাইমা। অবশেষে এর কারণ নিজেই জানালেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকার দেন রাইমা। সেখানেই জানান এ কথা। যেহেতু তিনি অল্প বয়স থেকেই হলিউড তারকা টম ত্রুজকে ভীষণ পছন্দ করেন তাই সঞ্চালক তাকে মজা করে প্রশ্ন করেন, তবে কি টমকে পেলেন না বলেই একা রয়ে গেলেন? জবাবে রাইমা বলেন, আমার বোনও এটা নিয়ে মজা করে। কলকাতায় তেমন কেউ নেই। আর আমি শহরের বাইরে খুব একটা যাই না। সত্যি কথা বলতে কী, এ বয়সে এসে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।
এরপর মা মুনমুন সেনের প্রসঙ্গ টেনে অভিনেত্রী আরও বলেন, আগে মা আমার বিয়ে নিয়ে ভীষণ চিন্তা করতেন। এখন দেশ-দুনিয়ার অবস্থা দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। বলেন, জোর করে কিছু কোরো না। পরে কখনও একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।
তাহলে কি কখনও মা হতে চান না রাইমা? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে রাইমা বলেন, আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। সেইসব ভেবে আমি অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ করিয়ে রেখেছি। তবে একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার, শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।
