সালমান শাহের অসমাপ্ত কাজগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছেন আমিন খান

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের আকস্মিক মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল পুরো চলচ্চিত্রাঙ্গন। সেদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ছিলেন চিত্রনায়ক আমিন খান। কাছ থেকে দেখেছিলেন প্রযোজক-পরিচালকদের কান্না, অনিশ্চয়তা আর অসহায়ত্ব। সেই পরিস্থিতিই তাকে ভাবিয়েছিল সালমান শাহের অসমাপ্ত সিনেমাগুলো নিয়ে। প্রয়োজনে বিনা পারিশ্রমিকে বন্ধুর অসমাপ্ত কাজ শেষ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।

কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেন আমিন খান। তিনি বলেন, সালমান শাহ যেদিন আমাদের ছেড়ে চলে গেলেন, সেদিন আমি এফডিসিতে ছিলাম। সকালবেলা প্রযোজক ও পরিচালকদের যে কান্না দেখেছি, মনে হচ্ছিল তাদের সবকিছু শেষ হয়ে গেছে।

সালমান শাহর আকস্মিক মৃত্যুতে শুধু শোক নয়, তার অসমাপ্ত সিনেমাগুলো ঘিরে প্রযোজক-পরিচালকদের মধ্যে তৈরি হয়েছিল অনিশ্চয়তাও। তাদের সেই পরিস্থিতি দেখেই কাজগুলো শেষ করার কথা ভেবেছিলেন আমিন খান। বন্ধুর প্রতি ভালোবাসা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষগুলোর কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন আমিন খান। তিনি বলেন, তখন আমার মনে হয়েছে, যদি অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারতাম, তাহলে হয়তো আমার বন্ধুর আত্মা শান্তি পেত। এ ছাড়া সিনেমার সঙ্গে যারা ছিলেন, তারা যে কষ্ট পেয়েছেন, এ কষ্টটা যদি না থাকে, তাহলে তার আত্মা শান্তি পাবে। সেই থেকেই বলা।

সালমান শাহর সঙ্গে খুব বেশি সিনেমায় কাজ না করলেও ব্যক্তিগতভাবে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। একসঙ্গে কাটানো সময়ের স্মৃতি তুলে ধরেন আমিন খান। তিনি বলেন, যেহেতু একসঙ্গে বেশি সিনেমা করিনি তার সঙ্গে, কিন্তু একসঙ্গে অনেক গল্প করেছি, একসঙ্গে চলেছি। সেই থেকেই বলা।