ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা ওহাজ
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

'তেরে বিন'-এর মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়াজুড়ে পরিচিতি পাওয়া পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী এবার আসছেন বাংলাদেশে। ঢাকায় এসে বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি একটি আয়োজনে অংশ নেবেন জনপ্রিয় এ তারকা। তার বাংলাদেশ সফরের খবর ইতোমধ্যে ভক্তদের মধ্যে তৈরি করেছে আগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেই বাংলাদেশে আসার বিষয়টি জানিয়েছেন ওহাজ আলী।
ভিডিও বার্তায় বাংলাদেশি দর্শকদের উদ্দেশে তিনি বলেন, হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া 'ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার'-এর ব্যাপারে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না। এরপর তিনি আরও বলেন, তাহলে দেখা হচ্ছে 'ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার'-এ, ইউনাইটেড কনভেনশন সেন্টারে। সেখানে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।
আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে 'ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার'। এ বিষয়ে আয়োজক কর্তৃপক্ষ বলেন, আসলে আমাদের এখানে একটি এক্সিবিশন হবে। পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী আমার ব্যক্তিগত অতিথি হিসেবে ওই ইভেন্টে আসছেন। মূলত ইভেন্টটির সমাপনী পর্বে অংশ নিতেই তিনি বাংলাদেশে আসছেন। এ ছাড়া যারা ইভেন্টে স্পেন্ড করবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচিত হবেন। তারা ওহাজ আলীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। কতজন বিজয়ী থাকবেন, সেটি আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী হবে। আমাদের অনুষ্ঠানের আসল বিষয় হলো এক্সিবিশন ও এর সমাপনী আয়োজনে ওহাজ আলীর উপস্থিতি।
