জাহ্নবীর গানের ভিডিও বিকৃত
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের 'চুট্টামাল্লে' গানটি মুক্তি পাওয়ার পর ভারতজুড়ে বেশ সাড়া ফেলেছিল। গানটিতে কোমর দুলিয়ে ব্যাপক নজর কেড়েছিলেন শ্রীদেবী কন্যা। সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরালও হয়ে যায় সেটি। এবার সেই মিউজিক ভিডিওটি বিকৃত করার অভিযোগ উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয় তা। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনটিআর, দিয়েছেন আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি।
প্রযুক্তির অপব্যবহারের এ ঘটনায় জুনিয়র এনটিআরকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে তিনি জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের অনৈতিক কাজকে 'ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়ন' বলেও অভিহিত করেন তিনি।
সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে বিজয় দেবেরাকোন্ডা লেখেন, এটি অত্যন্ত নিম্নরুচির পরিচয়। জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কাউকে অপমান করে আনন্দ পাওয়াকে চূড়ান্ত অসংবেদনশীলতা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, আমরা একে অপরের প্রতি এতটা অসংবেদনশীল হয়ে গেলাম কবে?
কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে বিজয়ের সংযোজন, কিছু মানুষের অপকর্মের কারণে এ প্রযুক্তির প্রকৃত গুরুত্বটাই হারিয়ে যাচ্ছে। তিনি জানান, কোনো শিল্পীর ভাবমূর্তি নষ্ট করার মতো এমন ঘটনাকে গুরুত্ব সহকারে নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। পুরো বিষয়টিকে 'জঘন্য, অসুস্থ মানসিকতার এবং নির্লজ্জ কাজ' বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই বিকৃত ভিডিওটি কাউকে না দেখার এবং শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে।
