মস্তিষ্কে টিউমার
৯ মাস পর লাইভে তানিয়া
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

সর্বশেষ ফেব্রুয়ারিতে স্বাভাবিকভাবে কথা বলেছিলেন। তার পর থেকেই জীবনের কঠিন সময় পার করতে হয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। এর মধ্যে তার মস্তিষ্কে সার্জারি হয়, নিতে হচ্ছে কেমোথেরাপি। দীর্ঘ ৯ মাস পর এবার লাইভে এলেন এ অভিনেত্রী। এখন কেমন আছেন? সেগুলো নিয়ে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিলেন।
এ বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচার করে সেটা অপসারণ করা হয়। তার পর থেকে বাসাতেই চিকিৎসাধীন ছিলেন। পরে গত ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাইয়ে যান তানিয়া। সেখানেও দুটি সার্জারি করান। শারীরিক অসুস্থতায় তখনো তিনি কথা বলতেন না। এর মধ্যেই গত শনিবার ফেসবুক লাইভে এলেন।
তানিয়া শুরুতেই বলেন, আমি ভালো আছি। বলেন, আপনারা কেমন আছেন? এ সময় তিনি বলেন, আমি অসুস্থ ছিলাম। এখনো আছি। তবে আগের চেয়ে অনেকটা ভালো। আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন। অনেকেই বলছেন, আগের চেয়ে আমার ওজন বেড়েছে। এটা মূলত দুইটা সার্জারির কারণে। এটা খুবই স্বাভাবিক।
ভক্তদের সঙ্গে এ সময় আড্ডায় মেতে ওঠেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন। কেউ শারীরিক অবস্থা, কেউ বিয়ে করছেন কবে, কেউ কাজে ফেরা, কেউ অভিনয়ে ফেরা না-ফেরাসহ নানা প্রশ্ন করতে থাকেন।
ভক্তদের একটি প্রশ্নে তানিয়া বলেন, এখনো আমার কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো। অনেকেই জানতে চাইছেন আবার নাটকে কবে দেখা যাবে। আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই।
