নিজেকে ফিট রাখার গোপন রহস্য জানালেন ঋতাভরী
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

ক্যারিয়ারের শুরু থেকেই টালিউডে 'ফিট' অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন ঋতাভরী চক্রবর্তী। কোনো ফটোশুট বা নতুন চলচ্চিত্রের শুটিংয়ের অন্তত দুসপ্তাহ আগে থেকে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট, চিনি, তেল ও লবণ সম্পূর্ণ বাদ দিতেন তিনি। এর ফলে দ্রুত ওজন কমলেও সেই অতিরিক্ত নির্মেদ চেহারাই একসময় চরম বিপদ ডেকে আনে তার অপারেশন টেবিলে।
শরীরের অতিরিক্ত দুর্বলতার কারণে প্রথমবার অস্ত্রোপচারের সময় তার পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে। ফলে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দেন ওজন না বাড়ালে দ্বিতীয় অস্ত্রোপচার সম্ভব নয়। এর পর শুরু হয় ওজন বাড়ানোর লড়াই। পরবর্তীতে আরও দুটি অস্ত্রোপচার এবং স্টেরয়েড জাতীয় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় অনাকাঙ্ক্ষিতভাবে তার ওজন অনেকটাই বেড়ে যায়। তবে সম্প্রতি সেই অতিরিক্ত ওজন কমিয়ে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। কীভাবে ঘটালেন এ পরিবর্তন, দুর্গাপূজার আগে কীভাবে নিজেকে এমন ফিট রাখছেন; সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা বিস্তারিত জানিয়েছেন ঋতাভরী।
স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, একসময় আমার শুষ্ক চেহারা ছিল, যাকে সমাজ তথাকথিত 'ফিট' বলে মনে করে। কিন্তু ওই চেহারার কারণে শরীর ভেঙে পড়েছিল এবং মারাত্মক দুর্বল হয়ে পড়েছিলাম। বলা যায়, প্রকৃত অর্থে সুস্থ হতেই আমাকে ওজন বাড়াতে হয়েছিল। সেই বাড়তি ওজন নিয়েও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছি এবং দর্শকরাও তা সাদরে গ্রহণ করেছেন। এর পরই শুরু হয় তার নতুন ফিটনেস যাত্রা। কোনো ওষুধ বা চটজলদি ব্যবস্থার পেছনে না ছুটে দেড় বছর ধরে কঠোর শৃঙ্খলা ও ধৈর্য বজায় রেখে ধীরে ধীরে ১৮ কেজি ওজন কমিয়েছেন তিনি।
