প্রীতম-শেহতাজের বিচ্ছেদ
আলোচনায় সাফা কবির
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
শোবিজ অঙ্গনে বিয়ে, বিচ্ছেদ কিংবা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে প্রীতম হাসান ও শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা ঘিরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিনোদন অঙ্গন সবখানেই চলছে নানা আলোচনা, সমালোচনা ও ট্রল, ঠিক সেই সময়েই ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন অভিনেত্রী সাফা কবির।
কোনো বিতর্কিত মন্তব্য নয়, বরং তার একেবারে 'চিল' মুডের ছবি ঘিরেই তৈরি হয়েছে নেটিজেনদের কৌতূহল। সমসাময়িক অনেক তারকাই এরই মধ্যে বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তাদের বিয়ে কিংবা পরবর্তী ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময়ে উঠে এসেছে আলোচনায়। সেই তারকাদের অনেকের বিয়েতেই উপস্থিত ছিলেন সাফা কবির। এর মধ্যে প্রীতম হাসান ও শেহতাজের বিয়েতেও দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। তবে সময়ের পরিক্রমায় সেই সম্পর্কের ইতি টেনেছেন প্রীতম-শেহতাজ। আর তাদের বিচ্ছেদের ঘোষণা সামনে আসার পরই যেন নতুন করে আলোচনায় উঠে এসেছে সাফার নাম। এর পেছনে বড় কারণ, সাফা কবির এখনো বিয়ে করেননি। ফলে নেটিজেনদের একাংশ মজার ছলে তার বর্তমান জীবনযাপনকে প্রীতম-শেহতাজের বিচ্ছেদের আলোচনার সঙ্গে মিলিয়ে দেখছেন।
