নানা স্তরের অনুভূতির গল্প 'হ্যাপিলি ম্যারিড'
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

আজ চরকিতে মুক্তি পেতে যাচ্ছে চরকি অরিজিনাল ফিল্ম 'হ্যাপিলি ম্যারিড'। মুক্তির আগে ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার শো। আয়োজনে উপস্থিত দর্শকরা মজা করে সিনেমাটি উপভোগ করেছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে ভালোবাসা ও বিবাহিত জীবনের নানা স্তরের অনুভূতিগুলো পর্দায় দেখতে দেখতে কাটিয়েছেন একটা ভালো সময়।
কী আছে 'হ্যাপিলি ম্যারিড' সিনেমায়? এর গল্প, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা ও নির্মাতা জাহিদ প্রীতম জানিয়েছেন, তিনি বিয়ে করেছেন দেড় বছর হলো এবং ধীরে ধীরে তিনি বুঝতে পারছেন সম্পর্কের নানা স্তর। প্রেমের সময়ের সেই ৪-৫ ঘণ্টার যোগাযোগ, ২৪ ঘণ্টা এক সঙ্গে থাকায় পরিণত হওয়ায় জীবনে কী কী পরিবর্তন আসে, তিনি তা ভালোভাবেই বুঝতে পারছেন। জাহিদ প্রীতম বলেন, 'আমার বন্ধুরা বলেছিল বিয়ের পর বুঝবি, তখন আর প্রেমের গল্প বলতে ইচ্ছা করবে না। কিন্তু আমার সেটা হয়নি বরং আরও স্নিগ্ধ হয়েছে। আমি বাস্তবতার সঙ্গে ডিল করা শিখছি।' হয়তো বাস্তব জীবনের ধারণা থেকেই সিনেমার গল্প বুনন।
গল্প লেখার শুরু সময়টা জানাতে গিয়ে জাহিদ প্রীতম বলেন, আমাকে বলা হয়েছিল দর্শককে হাসতে হাসতে একটা গল্প বলতে হবে। যেখানে সম্পর্কের গল্প উঠে আসবে। সেখান থেকেই এই গল্পের শুরু। আমিও চেষ্টা করেছি গল্পে ক্রিটিক্যাল কিছু না করতে। বিবাহিত জীবনে একে অপরের সঙ্গে বোঝাপড়া থাকাটাই আসলে হ্যাপি থাকা। ছোট ছোট সন্দেহ, ছোট ছোট সিদ্ধান্ত আমাদের আলাদা করে দেয়। তাই সেটা না করে ভালোবাসার মানুষের যত্ন নিন, তাকে প্রতিদিন ভালোবাসুন।
