ওমরাহ করলেন কেয়া পায়েল

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

সৌদি আরবের পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ধর্মীয় এ আনুষ্ঠানিকতা শেষ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুন্দর অনুভূতির কথা শেয়ার করেছেন তিনি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে কেয়া পায়েলকে কাবা শরিফের সামনে কালো বোরকা পরা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন। ওমরাহ পালনের মাধ্যমে এ অভিজ্ঞতাকে তিনি জীবনের বিশেষ একটি অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন।

একই সঙ্গে ওই পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। কেয়া পায়েল লেখেন, কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে। বক্তব্যের শেষ অংশে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।

তার এ পোস্টে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। সিফাত বিন রুবেল নামের এক ভক্ত মন্তব্যের ঘরে লেখেন, আপনার নাটক খুব ভাল্লাগে, হজ্জ করতে গেছেন এখন ত আমি পুরাই মুগ্ধ!! তাই আমার একটা অনুরোধ নাটকে বা পর্দায় নিজেকে উপস্থাপন করবেন না— ধন্যবাদ।

অন্য এক অনুরাগী সানভি আহমেদ ইমন নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, তাওয়াফ করার ভিডিও যত দেখি আবেগি হয়ে যাই, আসলে ওই যায়গার অনুভূতি ওখানকার বাতাস ও সুগন্ধে সঙ্গে তাওয়াফ করার অনুভূতির কাছে পৃথিবীর সকল আনন্দ অনুভূতি মলিন ফিকে। সজীব হোসাইন নামের একজন লেখেন, ইসলামের পবিত্রতা নিজের মধ্যে ধারন করাই আসল মুমিনের পরিচয়।