রজনীকান্তকে ভয় পেলেন বিদ্যা

জেলার ২-এর শুটিং

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

সুপারস্টার রজনীকান্তের সঙ্গে প্রথমবার শুটিং করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী বিদ্যা বালান। 'জেলার ২'-এর প্রথম দিনের শুটিংয়ে একটি বিশেষ দৃশ্য ধারণ করতে গিয়ে হাত-পা কাঁপতে শুরু করে তার। পরে অবশ্য জানা যায়, এর কারণ রজনীকান্তের সামনে নার্ভাস হয়ে পড়া নয়, বরং সিগারেটের নিকোটিনের প্রভাব।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, 'জেলার ২'-এর একটি দৃশ্যে রজনীকান্তের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়তে হয়েছিল বিদ্যাকে। দৃশ্যটি নিখুঁতভাবে ধারণ করতে প্রায় তিনবার টেক দিতে হয় তাকে। পরিচালকের নির্দেশনা মেনে শট দিলেও শেষ পর্যন্ত তার চোখেমুখে অস্বস্তি ছিল।

অনেকে ভেবেছিলেন, রজনীকান্তের মতো সুপারস্টারের সামনে দাঁড়িয়ে নার্ভাস হয়ে পড়েছেন বিদ্যা। তবে অভিনেত্রী জানান, সিগারেটের তীব্র নিকোটিনের প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।

বিদ্যা বলেন, ভেবেছিলাম, আমি তো ধূমপান করতে জানি। সেটে গিয়েই ঠিকঠাক শট দিয়ে দেব। কিন্তু প্রথম টেকের পরই হাত-পা কাঁপতে শুরু করে। লজ্জায় পড়ে গিয়েছিলাম। সবাই ভেবেছিল, রজনী স্যরের সামনে দাঁড়িয়ে আমি নার্ভাস হয়ে পড়েছি। রজনীকান্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বিদ্যা বলেন, খুব ভালো মনের মানুষ রজনী স্যর। প্রতিদিন আমার খোঁজ নিতেন।

পর্দায় ধূমপানের দৃশ্যের প্রয়োজনীয়তা নিয়েও নিজের মত জানিয়েছেন অভিনেত্রী। তার মতে, কোনও গল্পে এমন দৃশ্য প্রয়োজনীয় হতে পারে, আবার কখনো তা অপ্রয়োজনীয়ও মনে হতে পারে।