মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ
পরীমণি বললেন, জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জনপ্রিয় দুই অভিনেত্রীর বিকৃত ভিডিওসহ পাঁচটি পোস্ট প্রকাশ করা হয়। ১৩ অক্টোবর বেলা ১১টা পর্যন্ত পোস্টগুলো অ্যাকাউন্টে দেখা গেছে। এরপর মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে একটি ফটোকার্ড প্রকাশ করে। এতে আরও জানানো হয়, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এতেই সন্তুষ্ট নন ভুক্তভোগী চিত্রনায়িকা পরীমণি। তিনি ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। ১৭ অক্টোবর দুপুরে দেওয়া ওই পোস্টে তিনি মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষকে উদ্দেশ করে লিখেছেন, আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ডের দুঃখপ্রকাশ কোনও কাজে দিচ্ছে না একদমই।
বিকৃত সেই ভিডিওগুলো প্রকাশের জন্য মাছরাঙা টিভিকে দায়ী করে পরীমণি বলেন, এই যে আমার স্বাভাবিক জীবনটা এভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের। আমি সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করতে পারছি না। (হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত) এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না, হাজার হাজার হেটিং কমেন্টস থেকে।
তিনি আরও বলেন, কী করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কী বাকি থাকলো আর? অপরাধীদের কবে আইনের আওতায় আনা হবে, সেই প্রশ্ন তুলে পরীমণি লেখেন, আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা? আমার কাছে অপরাধী তো এখন আপনারা।
