চরকিতে আসছে 'আইসক্রিম'

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

'আইসক্রিম' সিনেমাটি চরকিতে মুক্তি পেতে যাচ্ছে আজ। এ কথা শুনলেই যেন শরতের মিষ্টি রোদের মতো অনেক দর্শকের কাছে উজ্জ্বল হয়ে উঠতে পারে ১০ বছর আগের সেই স্মৃতিগুলো। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তি পাওয়া, অভিনয়শিল্পী রাজ, তুষি, উদয়ের অভিষেক, নিজেদের প্রথম সিনেমা নিয়ে তাদের আবেগঘন মুহূর্ত, আরও কত কী। অর্ণব বা মিনারের 'বোকাচাঁদ' বা 'পথ' গানগুলো দর্শক-শ্রোতাদের কানে-কানে শীতের আগমনী সুরের মতো স্পর্শ করে যেতে পারে স্মৃতিমাখা গানগুলো প্রথম শোনার অনুভূতি। নির্মাতা রেদওয়ান রনিও তখন তরুণ ও নবীন নির্মাতা। তার পরিচালিত দ্বিতীয় সিনেমা মুক্তির সেই উচ্ছ্বাসের স্মৃতি হুড়মুড় করে ভেঙে পড়তে পারে তার ওপরেও।

শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়—যারা এখন নিজেদের কাজের মাধ্যমে শক্ত ভিত তৈরি করে ফেলেছেন, তাদের প্রথম সিনেমা ছিল 'আইসক্রিম'। সিনেমাটি মুক্তির সময় আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, সিনেমাটি আমাদের সন্তানের মতো। অনেক ভালোবাসা আর কষ্ট করে আমরা সিনেমাটি করেছি। শরিফুল রাজ অশ্রুসিক্ত হয়ে বলেছিলেন, আমি জীবনে অনেক কষ্ট করে এ পর্যায়ে এসেছি। রনি ভাইয়ের (রেদওয়ান রনি) কাছে কৃতজ্ঞ। রেদওয়ান রনি বলেছিলেন, গল্পের জন্যই নতুন মুখ দরকার ছিল। আমি এমন কিছু হাসি-কান্না-দুঃখ দেখাতে চেয়েছি, যেটা আগে পর্দায় কেউ দেখেনি, তাই নতুন মুখ নেওয়া। আর দর্শকদের উচ্ছ্বাসই আমার অর্জন। সিনেমার নাম 'আইসক্রিম' কেন? সিনেমাটির গল্পকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা এবং নির্মাতা রেদওয়ান রনির দেওয়া এ প্রশ্নের উত্তরটা সে সময় মনে ধরেছিল অনেকের। নির্মাতা বলেছিলেন, আমি একটা সম্পর্কের গল্প বলতে চেয়েছি, আর সম্পর্কটা আইসক্রিমের মতো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়।