টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে ঘিরে গুলি চালানোর ঘটনায় বলিউড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন মহলে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ১৮ অক্টোবর সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ মুম্বাইয়ের একটি ফুটবল ক্লাব থেকে বেরিয়ে আসার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১০৯(১) ও ৩(৫) ধারা এবং অস্ত্র আইনের ৩ ও ২৫ ধারায় মামলা দায়ের করেছে। তবে হামলার ঘটনায় চলচ্চিত্র জগতের বিভিন্ন তারকা ও পরিচালক কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। পাশাপাশি, জনপরিচিত ব্যক্তিত্বদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিনেতা বিদ্যুৎ জামওয়াল মুম্বাই পুলিশকে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে আবেদন জানিয়েছেন। অন্যদিকে, চলচ্চিত্র পরিচালক রাহুল ঢোলাকিয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার প্রশ্ন, অপরাধীরা যখন বলিউডকে হুমকি দিচ্ছে এবং প্রকাশ্যে রাস্তায় গুলি চালাচ্ছে, তখন এর দায় কে নেবে?

১৯ অক্টোবর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে টাইগার শ্রফকে ঘিরে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিদ্যুৎ জামওয়াল। টাইগারকে নিজের পরিচিত 'সবচেয়ে নির্ভীক মানুষ' বলে উল্লেখ করে তিনি তার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করার জন্য মুম্বাই পুলিশের কাছে আবেদন জানান।

গুলি চালানোর ঘটনার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালক রাহুল ঢোলাকিয়া। অপরাধীরা কেন সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে এবং নিরীহদের নিশানা করছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি লেখেন, যারা নিরীহ, তাদের জেলে পাঠানো হয়, আর অপরাধীরা রাস্তায় নিরপরাধ মানুষকে লক্ষ্য করে গুলি চালায়! জেলে থাকা এক গ্যাংস্টার প্রকাশ্যে বলিউডকে হুমকি দিচ্ছে এবং যখন খুশি গুলি চালাচ্ছে— আর আমরা শুধু ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়তে দিচ্ছি! এর জবাবদিহি কে করবে?