পাভেল-তসিবার 'মন বেফানা'
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

সিলেটের আঞ্চলিক ভাষার গানের প্রতি শ্রোতাদের ভালোবাসা চিরন্তন। সেই চেনা মাটির সুবাসের সঙ্গে যদি যুক্ত হয় ওয়েস্টার্ন বা আধুনিক মিউজিকের মেলোডি, তবে তা এক অন্যরকম মাত্রা পায়। ঠিক এমন এক দারুণ রসায়ন নিয়ে সম্প্রতি হাজির হয়েছেন দুই কণ্ঠশিল্পী আশরাফুল পাভেল ও তসিবা বেগম। তাদের দ্বৈত কণ্ঠে মুক্তি পাওয়া 'মন বেফানা' এখন তরুণ শ্রোতাদের মুখে মুখে। 'তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে'— এমন মিষ্টি কিছু আঞ্চলিক শব্দের ব্যবহারে গানটি সাজিয়েছেন গীতিকার ও সুরকার মো. আকাশ আলম। গানটির মূল আকর্ষণ এর সংগীতায়োজন। শিল্পী আশরাফুল পাভেল নিজেই এর সংগীতায়োজন করেছেন। সিলেটের লোকজ ঢঙের গায়কীর সাথে আধুনিক পপ ও মেলোডির এ ফিউশন গানটিকে বেশ স্বাতন্ত্র্য এনে দিয়েছে।
শুধু অডিওতেই নয়, গানটির মিউজিক ভিডিওতেও রাখা হয়েছে বড় চমক। দুই দেশের দারুণ সব লোকেশনে গানটির চিত্রধারণ করা হয়েছে। এর একটি অংশের শুটিং হয়েছে বাংলাদেশে এবং অন্য অংশটির দৃশ্যধারণ করা হয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে। আন্তর্জাতিক মানের এ ভিডিওটির চিত্রগ্রহণে ছিলেন আরিয়ান (বাংলাদেশ) ও জয় (ফ্রান্স)। পুরো প্রজেক্টটির পোস্ট প্রোডাকশনের গুরুদায়িত্ব সামলেছেন সৈয়দ নওশাদ। আশরাফুল পাভেলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর থেকেই এটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। বিশেষ করে টিকটক ও ফেসবুক রিলসে গানটির লাইনগুলো ব্যবহার করে ভিডিও বানাচ্ছেন হাজারও শ্রোতা। ব্যতিক্রমী উপস্থাপন আর তসিবার চেনা কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে আছেন ভক্তরা। অনেকেই সিলেটের মাটির গানের আধুনিক ও নান্দনিক রূপায়ন হিসেবেই সাধুবাদ জানাচ্ছেন। পাভেল বলেন, আমি সবসময় চেষ্টা করি আমাদের শিকড়ের গানকে আন্তর্জাতিক মানের মিউজিক অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে।
