সেরে উঠছেন ইলিয়াস কাঞ্চন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় অভিনেতা ও 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে চলছে তার চিকিৎসা। জানা গেছে, বর্তমানে তাকে কেমোথেরাপি দিতে হচ্ছে না। ওষুধের মাধ্যমে সেরে উঠছেন তিনি। তার শারীরিক উন্নতিতে আশাবাদী লন্ডনের চিকিৎসকরা। বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ।

শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তিনি বলেন, প্রিয় দেশ থেকে দূরে থাকলেও আমার মন পড়ে আছে আপনাদের কাছে। আমার অসুস্থতার সময়ে যারা খোঁজ নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং সুস্থতার জন্য দোয়া করছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই। দেশে না থাকলেও নিসচার কাজ থেমে থাকবে না উল্লেখ করে সংগঠনটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন। তিনি আরও বলেন, নিসচার ইতিহাস ও আদর্শ ধারণ করে তথ্যভিত্তিকভাবে কথা বলতে হবে এবং সড়ক নিরাপত্তার আন্দোলন আরও জোরদার করতে হবে। উল্লেখ্য, ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর তিনি মানুষের জীবন রক্ষার উদ্দেশ্যে নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠা করেন। ১৯৯৪ সাল থেকে ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের মধ্য দিয়ে সংগঠনটি সড়ক নিরাপত্তার দাবি তুলে ধরে আসছে। নিসচার দীর্ঘ আন্দোলন ও দাবির ধারাবাহিকতায় ২০১৭ সালে সরকার দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে।

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। যোগ দিয়েছিলেন নানা সামাজিক অনুষ্ঠানে। অসুস্থ অভিনেতাকে দেখতে তার বাড়িতে ভিড় জমিয়েছিলেন শোবিজ তারকারা।