সম্পদের পরিমাণ প্রায় ১২০০ কোটি টাকা

৫৩ পেরিয়ে ঐশ্বরিয়া

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

একটা সময় ছিল, বিশ্বসুন্দরী বলতে এ তল্লাটের মানুষ একজনকেই চিনত; তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন। রূপে, গ্ল্যামারে, অভিনয়ে নিজেকে এতটা উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি, তাকেই আদর্শ মেনেছে তরুণদের অনেকে। বলিউডের নন্দিত এ অভিনেত্রীর ৫৩তম জন্মদিন ছিল গতকাল।

১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্ম নেন ঐশ্বরিয়া। বাবার চাকরির সুবাদেই পরিবারের সঙ্গে মুম্বাই আসেন তিনি। ছোটবেলাতেই দীক্ষা নিয়েছেন ধ্রুপদি নাচের। শিখেছেন ভরতনাট্যমও। ১৯৯১ সাল থেকে তিনি মডেলিং শুরু করেন। ১৯৯৪ সালে জিতে নেন মিস ওয়ার্ল্ড খেতাব।

এর তিন বছর পর সিনেমায় আসেন ঐশ্বরিয়া। মণি রত্নমের তামিল সিনেমা 'ইরুবার' (১৯৯৭) দিয়ে অভিষেক হয় তার। প্রথম সিনেমা দিয়েই নজর কাড়েন তিনি। একই বছর 'অউর পেয়ার হো গায়া' দিয়ে বলিউডে অভিষেক হয় তার। তবে হিন্দি সিনেমায় তার সাফল্যের শুরুটা হয় শাহরুখ খানের সঙ্গে, ২০০০ সালের 'জোশ' দিয়ে। একই বছর শাহরুখের সঙ্গে 'মহাব্বতে' দিয়ে ঐশ্বরিয়া খ্যাতির চূড়ায় ওঠেন। অতঃপর তার ক্যারিয়ারে একে একে যোগ হয়েছে 'দেবদাস' 'চোখের বালি' 'রেইনকোট' 'গুজারিশ' 'ধুম ২' 'যোধা আকবর' 'এথিরাম' 'অ্যায় দিল হ্যায় মুশকিল' 'সর্বজিৎ' 'পন্নিয়িন সেলভান'-এর মতো সিনেমায়।

অভিনয়ের জন্য দুইবার ফিল্মফেয়ার, ছয়বার আইফা, ছয়বার স্ক্রিন অ্যাওয়ার্ডসহ ভারত ও এর বাইরে প্রায় দেড়শ পুরস্কার-সম্মাননা পেয়েছেন ঐশ্বরিয়া। ২০০৯ সালে তিনি ভূষিত হয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রীতে। সাফল্যমণ্ডিত এ ক্যারিয়ারে দর্শকের ভালোবাসা ও পুরস্কারের পাশাপাশি সম্পদও গড়েছেন ঐশ্বরিয়া। বিভিন্ন প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, অভিনেত্রীর সম্পদের পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার (আনুমানিক)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০০ কোটি টাকা। তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থেকেছেন ঐশ্বরিয়া। এসব কাজ ও বিনিয়োগের মাধ্যমে গড়ে উঠেছে তার এই বিপুল সম্পদ।

ব্যক্তিগত জীবনে ২০০৭ সালে ঐশ্বরিয়া ঘর বেঁধেছেন অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে। তাদের সংসারে এক মেয়ে রয়েছে, আরাধ্য বচ্চন। ঐশ্বরিয়াকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৩ সালের 'পন্নিয়িন সেলভান ২' সিনেমায়। এরপর থেকে নতুন কোনো সিনেমার খবর দেননি অভিনেত্রী।