শুটিংয়ে সবার আন্তরিকতা আমাকে ইমোশনাল করেছে : তানিয়া

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

৯ মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। দীর্ঘ এ সময়ে অভিনয় থেকে দূরে ছিলেন। তবে অভিনয়ে ফেরার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন এ অভিনেত্রী। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। টানা দুই দিনে নাটকটির শুটিং শেষ হয়েছে। ইকসান রনির পরিচালনায় 'অংশীদার' নাটকের মাধ্যমে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

প্রায় ৯ মাস পর শুটিংয়ে ফিরে সহকর্মীদের আন্তরিকতায় আবেগাপ্লুত তানিয়া বৃষ্টি। অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, শুটিংয়ে সবার আন্তরিকতা আমাকে ইমোশনাল করেছে। পরিচালক থেকে শুরু করে সেটের প্রত্যেকেই আমার প্রতি আলাদা যত্ন নিয়েছেন। সবার এ ভালোবাসা ও সহযোগিতা আমার চোখে পড়েছে। দীর্ঘদিন পর কাজে ফিরে এমন পরিবেশ পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। নতুন করে কাজ করার উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছি। সবার আন্তরিকতা আমাকে বুঝিয়েছে, তারা আমার ফেরার অপেক্ষায় ছিলেন।

চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। এরপর চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও দুটি অস্ত্রোপচার করাতে হয় তাকে। চিকিৎসার অংশ হিসেবে শুরু হয় কেমোথেরাপি।

তানিয়া শুটিংয়ে ফিরলেন নাটক 'অংশীদার' দিয়ে। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। নাটকের গল্পে উঠে এসেছে নারীর উত্তরাধিকার, পারিবারিক সম্পত্তিতে মেয়েদের অধিকার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়। বাবার মৃত্যুর পর দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করে চাচা ও তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে বড় বোন নিজের ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে ওঠে।