আইসিইউতে 'রোকযানা' খ্যাত গায়ক সাহেদ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড 'গাছ'-এর প্রতিষ্ঠাতা এবং বহুল আলোচিত 'রোকযানা' গানের গায়ক শেখ সাহেদ আলী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। কিডনি জটিলতা, স্ট্রোক এবং পরবর্তীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এ শিল্পী। তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। গত ২৪ অক্টোবর হঠাৎ শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই তিনি স্ট্রোক করেন। এর পর থেকে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। বর্তমানে ইশারার মাধ্যমে মনের ভাব প্রকাশের চেষ্টা করছেন।
এরমধ্যেই তার শরীরে ডেঙ্গু শনাক্ত হওয়ায় শারীরিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। অবস্থার অবনতি হওয়ায় প্রথমে গত ৩১ অক্টোবর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার একটি হাসপাতালের এইচডিইউতে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে রাজধানীর অন্য একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
গায়কের বন্ধু এরশাদুল হক সংবাদমাধ্যমকে জানান, সর্বশেষ ডায়ালাইসিসের পরও সাহেদের বেশ কিছু শারীরিক জটিলতা রয়ে গেছে। তার ডান হাত ও পা ফুলে গেছে এবং ডায়ালাইসিসে ব্যবহৃত ফিস্টুলায় রক্ত জমাট বাঁধার কারণে চিকিৎসকদের বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের সংগীতাঙ্গনে নিয়মিত গান করছেন শেখ সাহেদ আলী। 'রোকযানা' সাহেদ হিসেবে তিনি বেশি পরিচিতি। ১৯৯১ সালে তার প্রথম একক অ্যালবাম 'প্রভু' প্রকাশের পর বেশ কয়েকটি আলোচিত অ্যালবাম ও গান উপহার দেন তিনি। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে 'রোকযানা', 'ক্লাসরুমে বসে শেখা', 'খোলা চুল' ও 'প্রেম আসবেই'।
