
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় তদন্তে নতুন মোড় এসেছে। হরিয়ানা থেকে ২২ বছর বয়সী এক তরুণীকে গ্রেফতার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। এ ঘটনায় মোট ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানা পুলিশের সহায়তায় গত ১ নভেম্বর কার্নাল জেলা থেকে ওই তরুণীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের সূত্রে জানা গেছে, এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধী চক্রের সঙ্গে তার যোগাযোগ ছিল। সে লজিস্টিক্যাল সহায়তা করেছিল।
এদিকে অভিনেতার ওপর হামলার ঘটনায় অর্থ জোগান দেওয়ার অভিযোগে এক গ্যাং লিডারকে ১৬ নভেম্বর পর্যন্ত রিমান্ডে পাঠিয়েছেন মুম্বাইয়ের একটি বিশেষ আদালত। এ ঘটনায় ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আসামি ও শুটারদের কাছে অর্থ পৌঁছানোর একটি লেনদেনের সন্ধান পেয়েছে পুলিশ।
মামলাটি তদন্তকারী মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৩ নভেম্বর আদালতকে জানায়, গ্যাং প্রধান অনিল পন্ডিতের ভাইয়ের স্ত্রী সুনেহা পন্ডিতের মোবাইল নম্বর ব্যবহার করে খোলা একটি ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা পাঠানো হয়েছিল। সুনেহার স্বামী অভিষেক পন্ডিত বিদেশে বসে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট পরিচালনা করেন। অস্ত্রের মুখে সাধারণ মানুষদের থেকে আদায় করা চাঁদা জমা হতো অনিল পন্ডিতের অ্যাকাউন্টে। এরপর তার অ্যাকাউন্টে জমাকৃত ক্রিপ্টোকারেন্সি ভারতীয় মুদ্রায় পৌঁছে দিতেন স্ত্রীর অ্যাকাউন্টে। সেখানে থেকে টাইগার শ্রফের ওপর হামলাকারীদের অ্যাকাউন্টে বণ্টন করা হতো।