অভিনয়ে নিয়মিত তাসনোভা নিঝুম
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

ময়মনসিংহ জেলায় জন্ম নেওয়া তাসনোভা নিঝুম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিবিএ করছেন। তার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই নাচ এবং গান করেন। জাতীয় পর্যায়ে কত্থক নৃত্য পুরষ্কার পেয়েছেন। তার অভিনীত প্রথম নাটক 'ক্রেজি ফ্যান'। বর্তমানে নিয়মিত কাজ করছেন।
যেকোনো পেশায় নিয়মিত থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাসনোভা নিঝুম সেই চ্যালেঞ্জটি বেশ ভালোভাবেই জয় করেছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম হলো 'কুফরি', 'ছু মন্তর ছু', 'রাইটার', 'ভাত', 'শাবানার সংসার', 'নসিব' প্রভূতি। শুধু একটি নির্দিষ্ট গণ্ডিতে আটকে না থেকে রোমান্টিক, পারিবারিক কিংবা সিরিয়াস— সব ধরনের চরিত্রেই নিজেকে ভাঙাগড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
সম্প্রতি এ অভিনেত্রী শেষ করেছেন 'ভূতের বাড়ি' নামের একক নাটকের কাজ। মেঘ হিম পরিচালিত এ নাটকে তার সহশিল্পী শাহেদ শাহরিয়ার। এবারই প্রথম নয়, এর আগেও তাকে ভূতের গল্পে দেখা গেছে। তবে এবারের কাজটি সম্পূর্ণ আলাদা বলে জানান তিনি। নাটকটি নিয়ে আশাবাদী নিঝুম। শিগগিরই এটি মুক্তি। ভিউয়ের দৌড়েও কাজটি এগিয়ে থাকবে বলে জানান।
তাসনোভা নিঝুম এরই মধ্যে শেষ করেছেন 'এই ঘর, এই সংসার' ধারাবাহিক নাটকের কাজ। পারিবারিক গল্পে নাটকটি নির্মিত হয়েছে বলে জানান। চলতি মাসের শেষ সপ্তাহে ধারাবাহিক নাটকটি প্রচারে আসবে বলে জানা গেছে। এর আগে 'ভাইরাল পরিবার' নাটকে তাকে দেখা গেছে। এখন নিয়মিত একক নাটকে কাজ করছেন তাসনোভা। আগামী ১২ নভেম্বর থেকে টানা ১৮ তারিখ পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি গান করেন তাসনোভা। সম্প্রতি সিডি চয়েসের ব্যানারে মুক্তি পেয়েছে তার মৌলিক গান 'এক নজরে'। এর আগেও তার দুটি মৌলিক গান প্রকাশ পেয়েছে।
