মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন মাহি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

'মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬'-এর মুকুট জিতেছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। গত শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে মঞ্চে ছিল টানটান উত্তেজনা। নাম শোনার পর আবেগাপ্লুত হয়ে বুকের ওপর হাত রাখেন মাহি। এরপর গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও রুপালি রঙের গাউন। এর কাঁধের নকশা ছিল পাখার মতো। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক, চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ একাধিক মডেল ও কোরিওগ্রাফার। আয়োজকেরা জানান, আগামী ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পুয়ের্তো রিকোতে শুরু হবে ৭৫তম 'মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল' প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সামিরা খান মাহি। বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে। ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথমবারের মতো সেরা ৩০-এ স্থান পাওয়া। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন মিথিলা।