জন্মদিনে নিয়মিত কাজের প্রত্যাশা মডেল অন্তরার

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

একসময় দেশের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের নিয়মিত মডেল হিসেবে কাজ করতেন মডেল অন্তরা। মাঝে কয়েক বছর কাজ কমিয়ে দিলেও সম্প্রতি আবারও মডেলিংয়ে ফিরেছেন তিনি। এবার নিয়মিত কাজ করার প্রত্যাশার কথা জানালেন এ মডেল।

আজ অন্তরার জন্মদিন। চাঁদপুরে জন্ম ও বেড়ে ওঠা অন্তরা পড়াশোনা করেছেন চাঁদপুর সরকারি কলেজে। মডেলিং ক্যারিয়ারে তিনি দেশের বিভিন্ন পরিচিত ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে নকশা, কারুপল্লী, আফরিন ক্রাফটস, রঙের হাট, আল-ইসলামস ব্রাদার্স, রুহি ক্রাফটসসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

জন্মদিনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশার কথা জানাতে গিয়ে অন্তরা বলেন, এখন থেকে নিয়মিত মডেলিংয়ের কাজ করতে চান তিনি। পাশাপাশি পরিবারের সবাইকে নিয়ে সুখে-শান্তিতে থাকতে চান।

দেশ ও সমাজ নিয়েও রয়েছে তার প্রত্যাশা। তিনি দেশের শান্তি কামনা করেন এবং মানুষের মধ্যে সত্যবাদিতা বাড়ুক— এমন প্রত্যাশা তার। একই সঙ্গে অপরাধ কমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে উঠুক, সেটিও চান তিনি। তবে দেশীয় সংস্কৃতি ও ফ্যাশন নিয়ে অন্তরার আগ্রহ সবচেয়ে বেশি। তার বড় চাওয়া, মানুষ আরও বেশি দেশীয় পোশাক ব্যবহার করুক এবং দেশীয় ফ্যাশনকে গ্রহণ করুক। তার বিশ্বাস, দেশীয় পোশাক ও ফ্যাশনের প্রতি মানুষের আগ্রহ বাড়লে দেশের ঐতিহ্য ও ফ্যাশন শিল্প আরও সমৃদ্ধ হবে।

জন্মদিনে নতুন করে কাজের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন মডেল অন্তরা।