ব্যবসা নিয়ে সমালোচনা
মুখ খুললেন অনন্ত, দোয়া চাইলেন বর্ষা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

নায়ক-নায়িকার পরিচয়ের বাইরে ব্যবসায়ী হিসেবেও পরিচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। তবে সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনায় তারা। সাভারে তাদের শিল্পপ্রতিষ্ঠানের বিপুল ব্যাংকঋণ নিয়ে বিভিন্ন খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। কেউ তাদের বিলাসী জীবনযাপন ও সিনেমায় বিনিয়োগের প্রসঙ্গ টেনে ঋণ পরিশোধ নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার প্রত্যাশা জানাচ্ছেন।
এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান নিয়ে কথা বলেছেন অনন্ত জলিল ও বর্ষা। পৃথক ফেসবুক পোস্টে মানুষের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। একই সঙ্গে আল্লাহর ওপর ভরসা রেখে কঠিন সময় পার করার কথা জানিয়েছেন বর্ষা; পরিবারের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। নিজের পোস্টে কোরআন-এর দুটি আয়াত উল্লেখ করে অনন্ত জলিল লিখেছেন, আমরা শুধু আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি; আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী। যারা তার জন্য দোয়া করেছেন এবং ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনন্ত। লিখেছেন, যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজিটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।
পাশাপাশি যারা সমালোচনা করেছেন, তাদের উদ্দেশ্যে অনন্ত লেখেন, যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি— যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।
