যৌন হেনস্তার শিকার নিয়ে মুখ খুললেন স্বরা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

স্পষ্ট কথায় কষ্ট নেই— মতবাদে বিশ্বাসী বলিউড তারকা স্বরা ভাস্কর। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করেন। বিতর্কিত হলেও গায়ে মাখেন না। এবার তিনি জানালেন যৌন হেনস্তার শিকার হওয়ার অভিজ্ঞতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এক সাক্ষাৎকারে স্বরা বলেন, ২০১১ সালে মধ্যপ্রদেশে শুটিং চলছিল। ওই সময় পরিচালক তাকে যৌন হেনস্তা করেন। তবে তা স্পর্শ করার মাধ্যমে না। সে কারণে তিনি বুঝতেই পারেননি তিনি। অভিনেত্রীর কথায়, ঘটনাটি যখন ঘটছিল তখন আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হেনস্তা বলে সেটা বুঝতেই পারিনি। কারণ ওই ব্যক্তি তো আমাকে একফোঁটাও স্পর্শ করেননি।

স্বরার মতে, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা মানেই বলপূর্বক শারীরিক মিলন নয়। সেটা মৌখিক বা অন্য কিছুও হতে পারে। সেই মুহূর্তে তিনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন সেটা ভাবলে আজও আঁতকে ওঠেন। মিটু আন্দোলনের সময় যখন নারীরা যৌন হেনস্তা নিয়ে মুখ খুলতে শুরু করেন তখন অভিনেত্রী বুঝতে পারেন তার সঙ্গেও এরকম হয়েছিল। তিনি বলেন, তখন আমার মনে হয়েছিল, এ তো যৌন হেনস্তা। একেবারে পাঠ্যবইয়ে লেখা যৌন হেনস্তার উদাহরণ!

ঘটনাটি 'তনু ওয়েডস মনু' ছবিতে অভিনয় করার সময় ঘটেছিল। তবে ওই সময় স্বরার অবস্থান আজকের মতো ছিল না।

সে কারণে কাউকে পাশে পাননি। শুধু সমর্থন করেছিল সিনেমার এক্সিকিউটিভ প্রোডিউসার। যার সাহায্যে ছবির বাকি অংশ সহজেই শেষ করেন তিনি।