'সোলজার' সিনেমার শুটিং শেষ করতে চান তিশা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

শাকিব খানের 'সোলজার' সিনেমায় অভিনয় করতে কলকাতার ছবি ছেড়ে দিয়েছিলেন তানজিন তিশা। শুটিংও শুরু হয় সিনেমাটির। শেষ হয়নি। বরং 'সোলজার' হয়ে উঠেছে অনিশ্চয়তার আরেক নাম। শিল্পীদের বকেয়া পারিশ্রমিকসহ বিভিন্ন জটিলতায় ভুগছে। তবে সেসব নিয়ে ভাবছেন না তিশা। সিনেমাটি শেষ করতে মুখিয়ে আছেন। সংবাদমাধ্যমকে তিশা বলেন, সোলজার সিনেমা নিয়ে আমার শিডিউল ওপেন। সিনেমার শুটিং শুরু হলেই আমি যুক্ত হব। এমন নয় যে আমার সঙ্গে কিছু হয়েছে। আমি আগ্রহ নিয়েই শুটিংয়ের অপেক্ষা করছি।

'সোলজার' নিয়ে তিশার ত্যাগ কম না। টানা চার মাস অন্য কাজে নিজেকে যুক্ত করেননি এ ছবির জন্য। সব শিডিউল দিয়ে রেখেছিলেন ছবির নির্মাতা সাকিব ফাহাদকে। এখনও ছবিটি প্রাধান্য পাচ্ছে তার কাছে। তবে বন্ধ হয়ে যাওয়ায় নানা কথা ভেসে বেড়াচ্ছে। সেসবে কান দিতে চাচ্ছেন না উল্লেখ করে বলেন, পারিশ্রমিক নিয়ে জটিলতা রয়েছে বলে শুনেছি। তবে সরাসরি এসব বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তেমন কথা হয়নি। আমি সবচেয়ে বেশি ভাবছি সিনেমাটি শেষ করা নিয়ে।

ফের জ্বলে উঠুক 'সোলজার'-এর ক্যামেরা-লাইট; এখনও এরকম প্রত্যাশা তিশার। তার কথায়, 'সোলজার' সিনেমা নিয়ে ভেতরে অনেক কিছুই শুনছি। আমি সেগুলোতে কান দিতে চাই না। আমি চাই, ভুলভ্রান্তি থাকলে সেগুলো মিটিয়ে সিনেমার শুটিং শুরু হোক। দীর্ঘ ক্যারিয়ারে আমার প্রথম সিনেমা। সেটা ভালোভাবে দর্শকদের কাছে আসুক, প্রপার ওয়েতে কাজটা হোক— সেটাই চাই।

গত বছরের অক্টোবরে শুরু হয় 'সোলজার'-এর শুটিং। এতে শাকিবের বিপরীতে অভিনয় আছেন তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন।