একের পর এক সিনেমা ফ্লপ

অভিনয় ছাড়ার কথা ভাবছেন লোপেজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

গান, নাচ ও অভিনয়— তিন মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন জেনিফার লোপেজ। কয়েক দশকের ক্যারিয়ারে পেয়েছেন তারকাখ্যাতি, গড়েছেন শক্ত অবস্থান। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় অভিনয় নিয়ে আত্মবিশ্বাসে চিড় ধরেছে এই হলিউড তারকার। এমনকি অভিনয় ছেড়ে সংগীত ও প্রযোজনায় বেশি মনোযোগ দেওয়ার কথাও ভাবছেন তিনি।

ব্রিটিশ সাময়িকী হিট জানিয়েছে, সাম্প্রতিক কয়েকটি সিনেমা দর্শকের প্রত্যাশা পূরণ করতে না পারায় নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন লোপেজ। গত কয়েক মাসে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছেন তিনি। একটি সূত্রের দাবি, সাম্প্রতিক ব্যর্থতাগুলো লোপেজকে বেশ ভাবিয়ে তুলেছে। সূত্রটি বলেছে, গত কয়েক বছরে তার বেশ কিছু সিনেমা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি। এতগুলো সিনেমার পর কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন, তা নিয়ে কখনো কখনো সংশয়ে ভুগছেন তিনি। লোপেজের সাম্প্রতিক ব্যর্থতার তালিকায় রয়েছে দিস ইজ মি...নাউ: আ লাভ স্টোরি ও নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন সিনেমা অ্যাটলাস। দুটি সিনেমাই সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। এর মধ্যে অ্যাটলাস বড় বাজেটের প্রযোজনা হলেও দর্শক ও সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে কিস অব দ্য স্পাইডার ওম্যান সিনেমা থেকে। লোপেজের সাবেক স্বামী বেন অ্যাফ্লেক প্রযোজিত সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। কিন্তু মুক্তির পর বক্স অফিসে ছবিটি কার্যত মুখ থুবড়ে পড়ে। ৩ কোটি ডলার বাজেটের সিনেমাটির আয় মাত্র ১৮ লাখ ডলার।

এমন পরিস্থিতিতে অভিনয়ের পাশাপাশি ক্যারিয়ারের অন্য ক্ষেত্রগুলোতে মনোযোগ বাড়ানোর কথা ভাবছেন লোপেজ। বিশেষ করে চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা এবং সংগীতের দিকে ঝুঁকতে পারেন তিনি। সূত্রটির ভাষ্য, এমন সময়ও এসেছে, যখন তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন। বরং সিনেমা বা টেলিভিশন প্রকল্প প্রযোজনা এবং নিজের সংগীত নিয়ে কাজ করতেই বেশি আগ্রহী হয়েছেন।