জালাল উদ্দীন খাঁ'র গান নিয়ে রাকিব-রিমা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

বাংলার মাটি, মানুষ, প্রেম, বিরহ আর আধ্যাত্মিকতার মিশেলে সৃষ্টি হওয়া তেমনই এক মরমি গান 'কোন সাগরের মানিক তুমি'। কালজয়ী এ গান নতুন করে সংগীতায়োজনে শ্রোতাদের সামনে তুলে ধরেছেন সংগীতশিল্পী রাকিব হাসান ও রিমা দাস। গানটি ২০ নভেম্বর ইউটিউব চ্যানেল আর এইচ মিউজিক স্টেশনে প্রকাশ পায়। এরইমধ্যে গানটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
গানটির স্রষ্টা ময়মনসিংহের মরমি সাধক, কবি ও বাউল শিল্পী জালাল উদ্দীন খাঁ। তিনি ১৮৯৪ সালের ২৫ এপ্রিল নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আসদহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। আত্মতত্ত্ব, প্রেম, বিরহ ও আধ্যাত্মিক দর্শন নিয়ে অসংখ্য গান রচনা করেছেন এ সাধক। ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি ও বাউল সুরের মেলবন্ধনে তার গান আজও লোকসংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে আছে। ১৯৭২ সালের ৩১ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। জালাল উদ্দীন খাঁর সেই কালজয়ী সৃষ্টির মধ্য থেকে 'কোন সাগরের মানিক তুমি' গানটি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ভিন্নধর্মী সংগীতায়োজনে গেয়েছেন রাকিব হাসান ও রিমা দাস। দুই শিল্পীর কণ্ঠের মেলবন্ধনে গানটি পেয়েছে নতুন মাত্রা। গানের মরমি আবেদন ও লোকজ ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে পরিবেশনের চেষ্টা করেছেন তারা। গানটির সংগীতায়োজন করেছেন মুন্সী জুয়েল। ভিডিও ধারণ ও সম্পাদনায় ছিলেন এইচ এম হাসনাইন। পরিচালনা করেছেন রাকিব হাসান।
সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন রাকিব হাসান। ২০ নভেম্বর ১৯৯৮ সালে মজনু মিয়া ও মা আছমা বেগমের ঘর আলোকিত করে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেঙুলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। গোপালপুরের সৈয়দপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, মধুপুর শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অন্যদিকে শিল্পী রিমা দাস ২০০৬ সালের ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাড্ডা গ্রামে জন্ম গ্রহণ করেন।
