পরিবারকে নিয়ে কটূক্তি
চুপ থাকবেন না রাশমিকা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

পরিবারের কাউকে নিয়ে কটূক্তি করা হলে পুরোপুরি 'যোদ্ধার' ভূমিকায় অবতীর্ণ হবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার মতে, সমালোচনা যখন পরিবারের সদস্যদের দিকে ধেয়ে আসে, তখন আর চুপ থাকতে রাজি নন তিনি। সম্প্রতি 'প্রেমা-দ্য জার্নালিস্ট'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনলাইন ট্রলিং ও নেতিবাচক মন্তব্য নিয়ে কথা বলেন এ অভিনেত্রী।
সেখানে তিনি জানান, স্বামী বিজয় দেবরাকোন্ডার সঙ্গে 'কফি উইথ করণ'-এর নবম মৌসুমে উপস্থিত হওয়ার পর অনলাইনে নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের।
করণ জোহরের সঞ্চালনায় জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এর চলতি মৌসুমের দ্বিতীয় পর্বে একসঙ্গে হাজির হয়েছিলেন রাশমিকা ও বিজয়। অনুষ্ঠানে তাদের খোলামেলা কথাবার্তা দর্শকদের নজর কাড়ে। তবে কয়েকটি মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। বিশেষ করে বিজয়কে এক বছর ধরে প্রতিদিন বিয়ের প্রস্তাব দেওয়ার কথা প্রকাশ্যে বলার পর ট্রোলিংয়ের শিকার হন রাশমিকা।
একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো, সম্পাদিত স্ক্রিনশট প্রকাশ, ভুয়া পরিচয় ব্যবহার এবং সংঘবদ্ধ অনলাইন হয়রানির অভিযোগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তারকা দম্পতি।
সাক্ষাৎকারে অনলাইনে নেতিবাচক মন্তব্যের মুখোমুখি কীভাবে হন, এমন প্রশ্নের জবাবে রাশমিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে ট্রলিংয়ের জবাব দিতেন তিনি। তবে সময়ের সঙ্গে বুঝেছেন, এসব মন্তব্যের প্রতিক্রিয়া জানানো মানে সময় নষ্ট করা।
