অভিনেতা সোহেল খান আর নেই
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

অভিনেতা সোহেল খান আর নেই। ২৪ নভেম্বর সকাল ৯টা ৫৪ মিনিটে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বগুড়ায় নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা 'নসিব'-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন। ঘটনার দিন সকালে নিজের কক্ষ থেকে বের হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিস্তারিত জানিয়ে 'নসিব'-এর প্রযোজক আরশাদ আদনান বলেন, সকালে বগুড়ার হোটেল মম ইনের কক্ষ থেকে বের হয়ে তালা দেওয়ার সময় বুকে ব্যথা অনুভব করেন। সেখানেই লুড়িয়ে পড়েন। পরবর্তীতে হোটেলের কর্মচারীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা নিরিক্ষা শেষে জানা যায় তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
সোহেল খানের মৃত্যুর ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক মাধ্যমে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় লেখেন, একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯ টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল।
সোহেল খান অভিনীত সিনেমার মধ্যে রয়েছে 'দারুচিনি দ্বীপ' 'নয় নম্বর বিপদ সংকেত' 'খোঁজ-দ্য সার্চ' 'প্রজাপতি' 'কমন জেন্ডার' 'লাল টিপ' 'দেশা: দ্য লিডার' 'তারকাঁটা' 'অনেক সাধের ময়না' 'পরবাসিনী' 'বীর' 'শান' 'প্রিয় কমলা' এবং 'জংলি'।
