চরকিতে আরকা'স নেক্সট মডেল
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

থ্রিলার, কমেডি, ড্রামা ঘরানার ফিল্ম-সিরিজ তো অনেক হলো, এবার দর্শকদের জন্য আসছে রানওয়ে, মডেল, ডিজাইন বা এক কথায় ফ্যাশন কনটেন্ট। তরুণদের নিয়ে আয়োজিত সময়ের আলোচিত ফ্যাশন ইভেন্ট 'আরকা'স নেক্সট' মডেল মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। গতকাল নভেম্বরের রাত থেকে দেখা যাচ্ছে ৩ পর্বের সিরিজটি। এসময়ের তরুণদের স্টাইল-ফ্যাশন নিয়ে ভাবনা কেমন তার অনেকটাই জানা যাবে এ কনটেন্টে। পাশাপাশি এ সময়ের ডিজাইন-ডিজাইনার, পোশাক ও ক্যাটওয়াক তো থাকছেই।
দর্শকদের ভিন্ন রকম কনটেন্ট দিতেই ২০২৫ সালে 'আরকা'স নেক্সট মডেল'-এর সঙ্গে যুক্ত হয় চরকি। সে বছর আয়োজিত কনটেন্টটিই দেখতে পারছেন দর্শকরা।
দেশের ফ্যাশন শিল্পে নতুন কিছু করার প্রত্যয় নিয়ে শুরু হয়েছে 'আরকা' প্ল্যাটফর্মটি, যা শুধু সাধারণ ফ্যাশন-শো নয় বরং দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং আধুনিক তারুণ্যের সৃজনশীলতার মিলনমেলা। সংস্কৃত ভাষায় 'আরকা' শব্দের অর্থ সূর্য বা আলোর রশ্মি, যা অন্ধকার ভেদ করে নতুন দিনের বার্তা বয়ে আনে। একইভাবে, বাংলাদেশের ফ্যাশন জগতে নতুন আলো ও বৈশ্বিক পরিচিতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ২০২৩ সালে যাত্রা শুরু করে 'আরকা'।
