আজ জন্মদিন
সৃজিতার ছুটে চলা
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদিন প্রতিবেদক

মাত্র সাত বছর বয়সে ম্যাক্স ব্যাগ-এর শুটের মধ্য দিয়ে ক্যামেরার সামনে যাত্রা শুরু করে সৃজিতা। এরপর অল্প সময়েই ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনের পরিচিত মুখ হয়ে উঠেছে। বিশেষ করে আড়ং এবং ইয়েলো-এর ফটোশুটে তার কাজ বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া সেইলর, টুয়েলভ, লারেভ, ইজি, ভার্গো এবং কিউরিয়াস-এর মতো ব্র্যান্ডের ফটোশুট ও প্রমোশনালে নিয়মিত দেখা গেছে তাকে। প্রতিটি কাজেই তার সাবলীল অভিব্যক্তি ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি আলাদাভাবে নজর কেড়েছে। আজ তার ১০ম জন্মদিন। জন্মদিনে সবার কাছে সে আর্শীবাদ চেয়েছে। সেইসঙ্গে জানিয়েছে বড় হয়ে একজন দক্ষ শিল্পী হতে চায়।
ফটোশুটের পাশাপাশি বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতেও নিজের ছাপ রেখেছে এ খুদে মডেল। নিডো বাংলাদেশ এবং প্রাণের চকোবিনসহ প্রায় পাঁচটি বিজ্ঞাপনে কাজ করেছে। এ ছাড়া সমসাময়িক সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে নির্মিত জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদারের 'মাগুরার ফুল' মিউজিক ভিডিওতেও কাজ করেছে সৃজিতা, যেখানে তার অভিনয়ের দক্ষতা প্রশংসিত হয়েছে। ভিন্ন ভিন্ন ঘরানার কাজ ও পণ্যের প্রচারণায় সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতাই তাকে দিয়েছে আলাদা পরিচিতি। কাজের বাইরে সৃজন ও শ্রেয়ান নামে দুই ভাইয়ের বোন সৃজিতা পরিচালক সৌমিত্র ঘোষ ইমন ও জয়ন্তী বণিক ঘোষের কন্যা। পড়াশোনায় সে হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী। অবসরে ঘুরতে, ছবি আঁকতে ও নাচতে খুব পছন্দ করে সে।
