এবার তিশার পাল্টা মামলা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

শাড়ি নিয়ে বিরোধের জেরে মামলায় জড়িয়ে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, হত্যার হুমকির মামলা, মানহানির অভিযোগ—সব মিলিয়ে তার বিরুদ্ধে এখন একাধিক আইনি প্রক্রিয়া চলমান। এর মধ্যে একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। যদিও আদালত এখনো এ বিষয়ে কোনো আদেশ দেননি। আগামী ১৪ ডিসেম্বর আবেদনের শুনানির দিন ধার্য করেছেন বিচারক।
ঘটনার সূত্রপাত গত বছরের নভেম্বরে। নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়্যা আনাম ওয়াফিকাহর অভিযোগ, একটি অনুষ্ঠানে পরার জন্য তার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। কিন্তু পরে সেটি ফেরত দেননি। এ ঘটনায় গত বছরের ২৭ নভেম্বর তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করেন সানায়্যা। মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২৫ মে আদালতে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে পিবিআই জানায়, তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট হননি বাদী। আদালতে নারাজি আবেদন করেন তিনি।
এদিকে সানায়্যার করা মামলার বাইরে ৮ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে মানহানির আরেকটি হয়। অভিযোগ, তিশা নিজের ফেসবুক পেজে বাদীর ছবি প্রকাশ করে আপত্তিকর মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। এতে তার ব্যক্তিগত মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ হয়েছে। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।
অন্যদিকে পাল্টা আইনি পদক্ষেপ হিসেবে ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেন তানজিন তিশা। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটি করেন তিনি। তিশার অভিযোগ, একটি ভিডিওতে তাকে জড়িয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন।
