ইয়ামি গৌতম

মধ্যবিত্ত পরিবার থেকে সফলতা

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

চেনা ফ্রেমে তাকে প্রথম দেখা গিয়েছিল টেলিভিশনে। ধারাবাহিক 'চাঁদ কে পার চলো'-এর সেই শান্ত, সহজ মুখটাই ধীরে ধীরে পরিচিত হয়ে উঠেছিল ঘরে ঘরে। তখন কেউ হয়তো ভাবেননি, সেই মেয়ে একদিন বলিউডের গুরুত্বপূর্ণ নারী চরিত্রগুলোর একটিতে নিজেকে স্থায়ী করে নেবেন। বলছি ইয়ামি গৌতমের কথা। তার অভিনয় জীবনের পথ শুধু সাফল্যের নয়, ভেতরের দ্বিধা, ভাঙন আর নিজেকে নতুন করে গড়ে তোলার গল্পও বটে।

টেলিভিশনে কাজের মাধ্যমে অভিনয়জীবন শুরু হলেও ইয়ামির স্বপ্ন ছিল বড় পর্দা। ধারাবাহিক ও বিজ্ঞাপনচিত্রের পরিচিত পরিসর পেরিয়ে তিনি যখন সিনেমার দিকে এগোলেন, শুরুটা কিন্তু হিন্দি ছবি দিয়ে নয়। তার প্রথম বড় পর্দার অভিজ্ঞতা কন্নড় ছবিতে। ভাষা, সংস্কৃতি— সব মিলিয়ে সেই শুরুটা সহজ ছিল না। তবে লড়াইয়ের মধ্যেই তৈরি হচ্ছিল প্রস্তুতি।

২০১২ সালে সুজিত সরকারের 'ভিকি ডোনার' দিয়ে হিন্দি ছবিতে তার আগমন। আয়ুষ্মান খুরানার বিপরীতে সেই ছবিতে ইয়ামিকে দেখা গেল সাবলীল, সংযত অথচ দৃঢ় এক নারীর ভূমিকায়। ছবির সাফল্য তাকে রাতারাতি পরিচিত করে দেয়; কিন্তু এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় আরেক রকম সংগ্রাম।

হিমাচল প্রদেশের বিলাসপুরে জন্ম ইয়ামির। বেড়ে ওঠা চণ্ডীগড়ে, এক মধ্যবিত্ত পরিবারে। তিনি নিজেই বলেছেন, স্কুলে থাকার সময় মঞ্চে উঠতে ভয় পেতেন। কবিতা আবৃত্তি তো দূরের কথা, অনেক মানুষের সামনে দাঁড়ালেই ঘাবড়ে যেতেন। আত্মবিশ্বাসের অভাব ছিল স্পষ্ট। অথচ পড়াশোনায় ছিলেন ভালো।

'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক', 'বালা', 'থার্সডে'— এ ছবিগুলোর মাধ্যমে ইয়ামি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভিন্ন ভিন্ন রূপে। দেশপ্রেমের আবেগ, সামাজিক বক্তব্য কিংবা মনস্তাত্ত্বিক উত্তেজনা—সব জায়গাতেই তিনি ভরসাযোগ্য। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ও পাঞ্জাবি ভাষার ছবিতেও কাজ করেছেন। প্রায় ২৭টি সিনেমার ক্যারিয়ারে তিনি নিজেকে প্রমাণ করেছেন দক্ষ অভিনেত্রী হিসেবে।

২০২১ সালের জুনে হিমাচলের বাড়িতে ব্যক্তিগত আয়োজনে পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন ইয়ামি।