অপু বিশ্বাসের মেকআপ আর্টিস্টের মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিজ পরিচালিত বিউটি পার্লার থেকে আল আমিন রাফি (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একসময় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতেন। পরিবারের দাবি, বন্ধুকে বিদেশে পাঠাতে ধারদেনা করে দেওয়া প্রায় পাঁচ লাখ টাকা ফেরত না পাওয়া এবং ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। ২৭ নভেম্বর বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত 'পারফেক্ট বিউটি পার্লার' থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন রাফি দীর্ঘদিন ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। প্রায় তিন-চার বছর আগে নিজ এলাকায় ফিরে এসে তিনি একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন। সেখানে কয়েকজন নারীকে সৌন্দর্যচর্চার কাজও শেখাতেন তিনি।

নিহতের বোন রোহেনা আক্তার জানান, নরসিংদীর বেলাব উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে গ্রিসে পাঠানোর জন্য বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন তার ভাই। বর্তমানে নাঈম গ্রিসে রয়েছেন।