ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ ১১ ফেব্রুয়ারি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ভাষা আন্দোলনের ইতিহাসে ফেব্রুয়ারির ১১ তারিখ বেশ গুরুত্বপূর্ণ। ১৯৫২ সালের এ দিনে বুদ্ধিবৃত্তিক আন্দোলনে সোচ্চার ছিলেন অধ্যাপক আবুল কাশেম ড. এএসএম নুরুল হক ভূঁইয়াসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রসহ
বেশকিছু প্রগতিশীল চিন্তার মানুষ। যদিও একপর্যায়ে সর্বস্তরের মানুষ ভাষার সংগ্রামে নিজেদের সম্পৃক্ত করেন স্বতঃস্ফূর্তভাবে। এ দিন তৎকালীন পূর্বপাকিস্তানে ভাষার জন্য লড়াকু ছাত্ররা ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ লেখা পতাকা বিক্রির মাধ্যমে টাকা সংগ্রহ করে পতাকা দিবস পালন করেন, যা ইতিহাস হয়ে আছে।
ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক (একুশে পদকপ্রাপ্ত) প্রাবন্ধিক, কবি ও কলামিস্ট আহমদ রফিক তার একটি প্রবন্ধে উল্লেখ করেন, ১১ ফেব্রুয়ারি পতাকা দিবস সফল করে তুলতে যুবলীগ এবং ছাত্রাবাসের তরুণ কর্মীরা বিশেষ ভূমিকা রেখেছিলেন। ঢাকা শহর ও নারায়ণগঞ্জ এ কাজের মধ্যমণি। নারায়ণগঞ্জ একুশ নিয়ে তখনও একপা এগিয়ে। শামসুজ্জোহা, সফি হোসেন, মমতাজ বেগম এবং অনুরূপ কয়েকজনের নেতৃত্বে উত্তাল নারায়ণগঞ্জ। এ কাজে স্কুলের ছাত্রছাত্রীরাও পিছিয়ে ছিল না। তারা স্কুল ছেড়ে পথে, মাঠ-ময়দানের জনসভায় হাজির হয়। ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের রাজনৈতিক যোগাযোগ বরাবরই গভীর। সেখানও পোস্টার, দেয়াললিপি, একুশের জন্য ডাক পাঠাচ্ছে ছাত্রছাত্রী, তরুণ ও সর্বজনতার দিকে। নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষও এ আন্দোলনের পক্ষে সাড়া দিয়ে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল।
