কাল উদযাপিত হবে ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস’
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি

আগামীকাল ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২২’ উদযাপিত হবে। দিবসের কর্মসূচি অনুযায়ী ফজরের নামাজের পর পিলখানার সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এরপর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ তার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন এবং সীমান্ত গৌরবে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।
সকাল ১০টায় বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ, বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক প্রদান এবং বিজিবি সদস্যদের বিশেষ দরবার নিবেন।
বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানটি বিটিভিসহ অন্যান্য বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশের পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
এছাড়া, বিজিবি দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে আগামীকাল বিকালে যশোরের বেনাপোল, পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দর সংলগ্ন আইসিপিতে বিজিবি-বিএসএফ কর্তৃক জমকালো ‘জয়েন্ট রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠিত হবে।
এছাড়া, বিজিবি দিবস উদযাপনের অংশ হিসেবে আগামী ২১ ডিসেম্বর সকালে পিলখানার সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হবে। দরবার শেষে মহাপরিচালক কর্তৃক বিজিবিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক ও ইনসিগনিয়া প্রদান করা হবে। এছাড়া, অপারেশনাল কার্যক্রম, চোরাচালান নিরোধ এবং মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান এবং অনারারি সুবেদার মেজর হতে অনারারি সহকারী পরিচালক ও অনারারি সহকারী পরিচালক হতে অনারারি উপ-পরিচালক পদে পদোন্নতি প্রাপ্তদের র্যাঙ্ক ব্যাজ পরিধান করানো হবে।
অনুষ্ঠানে বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, উত্তরাধিকারীদের সংবর্ধনা, অনুদান ও উপহার প্রদান করা হবে। এছাড়া বিজিবি দিবস-২০২২ উপলক্ষ্যে দুপুরে প্রীতিভোজ এবং সন্ধ্যায় পিলখানার ঢাকা সেক্টর মাঠে বিজিবির নিজস্ব অর্কেস্ট্রা ও শিল্পীসহ দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিজিবি দিবস উদযাপন উপলক্ষ্যে পিলখানা ছাড়াও ঢাকার বাইরে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিট পর্যায়ে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, মিলাদ ও বিশেষ দোয়া, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
