কাঁপছে ভোটের মাঠ
যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত তোমরা’
বললেন তারেক রহমান
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের আগে যারা এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের দেখামাত্রই ‘গুপ্ত’ বলতে বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আপনাদের অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন ‘গুপ্ত’ তোমরা। পারবেন বলতে?’ তিনি আরও বলেন, ‘যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের একটিই নাম ‘গুপ্ত’। কারণ, তাদের গত ১৬ বছর আমরা দেখিনি। তারা মিশে ছিল ৫ তারিখে যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে, তলেতলে।’ গতকাল শনিবার বিকালে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক জনসভায় তারেক রহমান বলেন, ‘কাজেই সেই স্বাধীনতা সময় থেকে....৮৬ সাল থেকে, ৯৬ সাল থেকে এরা সবমসময় দেখবেন একইসঙ্গে ছিল। এপিঠ আর ওপিঠ।’ তিনি বলেন, ‘এই যে লাখ লাখ মানুষ একত্রিত হয়েছেন, আমি চাইলে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। আপনারাও হয়তো হাততালি দিতেন। কিন্তু এতে জনগণের কোনো লাভ হতো? হতো না।’ তিনি উল্লেখ করেন, বিএনপি একমাত্র দল, যারা দেশকে সামনের দিকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। এমন অভিজ্ঞতা সম্পন্ন আর কোনো দল নেই। তারেক রহমান বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে যাতে কেউ ষড়যন্ত্র করে আবার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। গত ১৬ বছর যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন, আবার যেন কেউ ষড়যন্ত্র করে স্তব্ধ করে দিতে না পারে। (এই অধিকার) ছিনিয়ে যেতে না পারে।’ এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দেবেন : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি তো ঘরের ছেলে, আবার আসব, দোয়া করবেন। আপনাদের এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দেবেন।’ তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলীয় প্রার্থী মোরশেদ মিল্টনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, ‘এলাকার মানুষের যত কাজ সব হবে।’ গতকাল শনিবার বেলা ১টার দিকে সিরাজগঞ্জে যাওয়ার পথে বগুড়ার শাজাহানপুরে পথসভায় তিনি এ কথা বলেন। ১০ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে গাড়ি থামিয়ে তিনি ভেতর থেকে বক্তব্য রাখেন। এ সময় বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী মোরশেদ মিল্টন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন। পিতৃভূমি গাবতলীর বাগবাড়ি না যাওয়ায় তিনি বলেন, ‘আমি তো ঘরের ছেলে আবার আসব, দোয়া করবেন ইনশাআল্লাহ।’ এদিকে প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য গতকাল শনিবার সকাল থেকেই হাজারও বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে থাকেন। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দেয়। পথসভাকে কেন্দ্র করে মাঝিড়া এলাকায় অতিরিক্ত জনসমাগম হওয়ায় মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলাচল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শৃঙ্খলা রক্ষা করেন।
নির্বাচনি জনসভায় অংশ নিতে কাল খুলনায় যাচ্ছেন তারেক রহমান : নির্বাচনি জনসভায় অংশ নিতে দীর্ঘ ২৪ বছর পর আগামীকাল সোমবার খুলনায় যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। কাল সোমবার সকাল ১০টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দিবেন। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি দলের চেয়ারম্যানের খুলনায় আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনায় নির্বাচনি জনসভা সফল করতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনকে দলীয়ভাবে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। চেয়ারম্যানের এই আগমনকে স্মরণীয় করে রাখতে নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে প্রস্তুতি নিচ্ছেন। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, দীর্ঘ সময় পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনা আসছেন। এ সংবাদ পেয়ে জেলা ও মহানগর তাৎক্ষণিকভাবে আলোচনায় বসে আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। নেতাকর্মীরা তারেক রহমানকে দেখার জন্য অধির আগ্রহে রয়েছেন। এই নিয়ে সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করছে।
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খুলনার দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত জনসমাগম হবে। এখানে শুধু বিএনপির নেতাকর্মীরই নয়, সাধারণ মানুষও অংশ নেবেন। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, এর আগে সর্বশেষ ২০০৪ সালে তৃণমূল প্রতিনিধি সমাবেশে খুলনায় এসেছিলেন তারেক রহমান। ওই দিন জিয়া হলে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দেন তিনি। শফিকুল আলম তুহিন আরও বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ পর প্রিয় নেতার সফরকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করে তাকে স্বাগত জানানো হবে বলে জানান তিনি। উত্তরাঞ্চলে প্রচারাভিযানের দুইদিনে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে চারটি নির্বাচনি সমাবেশ করেন তারেক রহমান। শেষ দিনে সিরাজগঞ্জের সমাবেশ শেষ করলেন। সর্বশেষে টাঙ্গাইল নির্বাচনি সমাবেশে ভাষণ দিবেন।
