নির্বাচন করতে পারবেন না বিএনপির দুই প্রার্থী

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। গতকাল রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এই আসনে জামায়াতের ১১ দলীয় জোট থেকে নির্বাচন করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এর আগে, ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকালে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। ২১ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।

কুমিল্লা-১০ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তিনি আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। গতকাল রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করে এই আসনের অন্য প্রার্থী মোবাশ্বের আলমের আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে গফুর ভূঁইয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন না।

মামলার বিবরণে জানা যায়, কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী। সেই অভিযোগের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি।

নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন গফুর ভূঁইয়া। তবে গত ২২ জানুয়ারি হাইকোর্ট তার রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। পরবর্তীতে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ‘লিভ টু আপিল’ করেন।