যুদ্ধবন্দি বিনিময়ে রাজি রাশিয়া ইউক্রেন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেইনের প্রতিনিধিদের দ্বিতীয় দিনের শান্তি বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকে বড় ধরনের যুদ্ধবন্দি বিনিময় করতে রাজি হয়েছে দুই পক্ষ। গত পাঁচ মাসের মধ্যে রাশিয়া ও ইউক্রেইন এই প্রথম বিপুলসংখ্যক বন্দিবিনিময় করতে চলেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, বৈঠকে ইউক্রেইন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ৩১৪ জন যুদ্ধবন্দি বিনিময় করতে রাজি হয়েছে। এর আগে গতবছর অক্টোবরে ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে সর্বশেষ বন্দিবিনিময় হয়েছিল। গতবছর ২ অক্টোবরে রাশিয়া তাদের হাতে আটক থাকা ১৮৫ জন ইউক্রেইনীয় সেনা ও ২০ জন বেসামরিক ব্যক্তিকে মুক্তি দেয়। বৃহস্পতিবার এক্সে এক পোস্টে উইটকফ যুদ্ধবন্দি বিনিময় চুক্তি হওয়ার কথা নিশ্চিত করে জানান। রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ পরে জানায়, রাশিয়া এবং ইউক্রেইন এরই মধ্যে কিছু বন্দি বিনিময় করেছে। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, দুই পক্ষই ১৫৭ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। তাছাড়া, কুর্স্ক অঞ্চল থেকে তিন বেসামরিক নাগরিকও রাশিয়ায় ফিরে গেছে।
