অনিয়ম, বিভিন্ন কেন্দ্রে ভোট স্থগিতের দাবি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনসহ বেশ কয়েকটি আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দিয়েছে ১১ দলীয় জোট। এসব কেন্দ্রে ভোট স্থগিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করে জোটের একটি প্রতিনিধিদল এ অভিযোগ জানায়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। তিনি বলেন, সিইসির কাছে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে, যেখানে অনিয়মের প্রমাণ হিসেবে শতাধিক ভিডিও ফুটেজের লিংক সংযুক্ত করা হয়েছে। তবে ঠিক কতটি কেন্দ্রে অভিযোগ করা হয়েছে, তা তিনি নির্দিষ্ট করে বলেননি।
জামায়াত নেতা অভিযোগ করে বলেন, কুমিল্লা-৮ আসনে তাদের জোটের পোলিং এজেন্টদের ৩০টি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন, গত বুধবার রাত থেকে নোয়াখালী-৬ আসনে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ছাড়া ঝালকাঠি ও শরীয়তপুরেও দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ১১ দলীয় জোট অবিলম্বে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে ভোট বর্জন স্বতন্ত্র প্রার্থীর : নারায়ণগঞ্জ-৩ আসনে কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে তিনি আসনটিতে পুনর্নির্বাচনের দাবি জানান। রেজাউল করিম বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। রেজাউল করিম বলেন, আমি সব কেন্দ্রে পোলিং এজেন্ট দিয়েছিলাম। সকাল থেকে কেন্দ্রগুলোতে ঘুরে অন্তত ১৫ থেকে ২০টি কেন্দ্রে আমার কোনো এজেন্ট পাইনি। হুমকি-ধমকির কারণে তারা কেন্দ্রে আসতে পারেনি। তিনি দাবি করেন, বিষয়টি নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে মৌখিকভাবে জানানো হয়েছে। তার ভাষ্য, কর্তৃপক্ষকে জানালে কিছু সময়ের জন্য সমাধান হয়, পরে আবার সমস্যা তৈরি হয়। এজেন্টদের হুমকি দেওয়ার জন্য তিনি ধানের শীষ প্রতীকের স্থানীয় সমর্থকদের দায়ী করেন। এ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা। সোনারগাঁ অঞ্চলের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, তিনি সকালে একটি কেন্দ্রে এজেন্ট না থাকার অভিযোগ করেছিলেন। তখন তাকে প্রিসাইডিং কর্মকর্তার কাছে এজেন্ট পাঠানোর অনুরোধ করা হয়। কিন্তু তার কোনো এজেন্ট প্রিসাইডিং কর্মকর্তার কাছে রিপোর্ট করেননি। তিনি আরও বলেন, সোনারগাঁয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ অঞ্চল নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার। এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার : চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়ার দায়ে ফরিদুল আলম নামের এক প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই আসনের উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নিয়েছেন- এমন খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সেনাবাহিনীর একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনার পরপরই কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার করে নিলে বেলা দেড়টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু।
প্রত্যাহার হওয়া প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম জানান, ভোট শেষে ফলাফলের তালিকা তৈরিতে ঝামেলায় পড়তে হয়। এ কারণে তিনি আগেভাগে ফলাফলের তালিকায় স্বাক্ষর নিয়েছেন। খারাপ উদ্দেশ্যে এ কাজ করেননি। ওই আসনের ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন জানান, ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা অপরাধ করেছেন। এ কারণে ভোট কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
প্রকাশ্যে ব্যালটে সিল, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাকে অব্যাহতি : ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের একটি কেন্দ্রে গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে ব্যালটে সিল দেওয়ার সুযোগ দেওয়ায় প্রিসাইডিং কর্মকর্তা ও দুই পোলিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকূল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভোট গোপনে দেওয়ার কথা। কিন্তু সেখানে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল দিলেও কোনো ব্যবস্থা নেয়নি দায়িত্বরত প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা। এ কারণে তাদের বরখাস্ত করে সেখানে অন্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়।’
রাঙ্গামাটি ও সিলেটে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক তিন : রাঙ্গামাটি শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আটক তরুণের নাম শফিউল বশর। তিনি পুরানপাড়া বাসিন্দা আব্দুল নবীর ছেলে। প্রিসাইডিং কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন বলেন, মো. শের আলীর নামে পুরুষ ভোটকক্ষে ভোট দিতে আসেন তিনি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে জাল ভোট দিতে আসার বিষয়টি স্বীকার করেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গামাটি পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
কেন্দ্রে গিয়ে জানলেন ভোট হয়ে গেছে, কাঁদলেন নুরজাহান : রংপুরের পীরগাছা উপজেলার তেয়ানি মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে নুরজাহান বেগম দেখেন তার ভোট হয়ে গেছে। এরপর সেখানেই তিনি কান্নায় ভেঙে পড়েন। বহু নির্বাচনের সাক্ষী ষাটোর্ধ্ব এই নারী ভোটার বেলা ১২টার দিকে কেন্দ্রে যান। বুথ থেকে বেরিয়ে এসে কান্নাজড়িত কণ্ঠে নুরজাহান বেগম বলেন, ‘এতো বছর থাকি ভোট দিয়া আসনু, কোনো সমস্যা হইলো না। এবার বলে মোর ভোট আরেক জনে দিছে। মুই তো নিজেই দিবার আসনু।’
কেন্দ্রের ভেতর-বাইরে তখন ফিসফাস, উৎকণ্ঠা, ক্ষোভ। উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, সকাল থেকেই কেন্দ্রটিতে বিচ্ছিন্নভাবে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, ‘আমরা সকাল থাকি দেখতেছি, কিছু ভোটার আসার আগেই নাকি তাদের ভোট দেওয়া হয়ে গেছে। বিষয়টা খুবই উদ্বেগজনক।’ আরেক ভোটার রহিমা খাতুনের ভাষ্য, ‘ভোট দিতে আইসা যদি শুনি ভোট হয়ে গেছে, তাহলে হামরা কই যামো? এটা তো হামার অধিকার।’
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মনছুর হোসেন বলেন, ‘পোলিং এজেন্টদের কারণে এমনটি হয়েছে। তারা শনাক্ত করতে পারেনি। আমরা চেষ্টা করছি যাতে এমনটা না হয়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’
নমুনা ব্যালটসহ যুব শক্তির নেতা আটক, তিন বছরের কারাদণ্ড : পঞ্চগড়ের আটোয়ারিতে নমুনা ব্যালটসহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে (৪৮) তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার সকালে আটোয়ারি উপজেলার আটোয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের গেটের সামনে থেকে তাকে প্রশাসনের হাতে ধরিয়ে দেন ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকেরা। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এই আদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসের বাড়ি আটোয়ারি উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টান পাড়া এলাকার বিমল দাসের ছেলে।
মির্জা আব্বাসের কেন্দ্রে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ : ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনি কেন্দ্রে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার আব্দুর রহিমসহ কয়েকজন সাংবাদিক এ ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের পরিবেশ ও ভোটগ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয় এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। ঘটনার বর্ণনায় আব্দুর রহিম বলেন, দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রের ওপরের তলায় যেতে চাইলে সেখানে অবস্থানরত কয়েকজন নারী তাকে বাধা দেন। এ সময় হাসান নামের এক পুলিশ সদস্য পেছন থেকে এসে তাকে টেনে ধরেন। পরে আরও দুজন নারী এসে তাকে আটকান। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ সদস্য জানান, সাংবাদিকদের ওপরের তলায় যাওয়ার অনুমতি নেই। এরপর তাকে জোরপূর্বক নিচে নামানোর চেষ্টা করা হয়। এ সময় মহিলা দলের এক নেত্রীও তাকে ধাক্কা দেন বলে অভিযোগ করেন তিনি। আব্দুর রহিম আরও বলেন, ‘তারা যেভাবে আমাকে টেনে-হিঁচড়ে আটকানোর চেষ্টা করেছে, তা অত্যন্ত অপমানজনক ও অনভিপ্রেত।
ফটিকছড়িতে বিএনপি-জামায়াত সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া : ফটিকছড়ি উপজেলার কয়েকটি কেন্দ্রে ভোট শেষ হওয়ার আগে পোলিং এজেন্টের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর নেয়ার ঘটনা ঘটেছে। এনিয়ে একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্ব ভুজপুর শরিয়তুল উলুম প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টদের কাছ থেকে নির্ধারিত সময়ের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাঈদ মো. ইব্রাহিম। তিনি বলেন, পূর্ব সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সময়ের আগে এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
হাতিয়ায় বিটিভির রিপোর্টারের ওপর হামলা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলায় হামলার শিকার হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিবেদক মিরাজ উদ্দিন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মিরাজ উদ্দিন এবং তাকে বহনকারী মোটরসাইকেলের চালক মো. সাকিব আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, চরঈশ্বর বাংলাবাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে দুর্বৃত্তরা মিরাজ উদ্দিন ও তার চালক সাকিবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই কুপিয়ে জখম করে। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর তিনি শুনেছেন। যেখানেই খবর পাওয়া গেছে, তাৎক্ষণিক পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ব্যবস্থা নিয়েছেন। বিটিভি সাংবাদিকের ওপর হামলাসহ অন্যান্য ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
