আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের বাসায় আজ রোববার সন্ধ্যায় সাক্ষাৎ করতে যাবেন বিএনপির চেয়ারম্যান ও সংসদ সদস্য তারেক রহমান। গতকাল শনিবার বিএনপির মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন। আজ সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও রাত ৮টায় বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান যাবেন বলে জানান হয়েছে। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে ওই দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান হয়।

মূলত ‘ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে’ তাদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতের কথা জানিয়েছে বিএনপির মিডিয়া উইং।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে সংসদে বিরোধীদলের আসনে বসতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট। যদিও নির্বাচন নিয়ে দলগুলো বিভিন্ন প্রশ্ন তুললেও সামগ্রিকভাবে সুষ্ঠু নির্বাচন হওয়ায় ফলাফল মেনে নিয়েছে দলগুলো। এমন প্রেক্ষাপটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই জামায়াত ও এনসিপির দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করবেন বলে জানা যায়। এদিকে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করার বার্তাও দেন তারেক রহমান।